দুর্গাপূজায় সহিংসতা হলে স্থানীয় কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ শীর্ষক ব্যানারে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন
ছবি: প্রথম আলো

স্বস্তির সঙ্গে নিশ্চিন্ত মনে যাতে সনাতম ধর্মের মানুষেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন দেশে তেমন পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে তাঁর প্রস্তাব, দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, পুলিশ–প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ প্রস্তাব দেন ফওজিয়া মোসলেম। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ স্লোগানে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।

অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে দেশে আইনের শাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন নিশ্চিত করা এবং সরকারকে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান ফওজিয়া মোসলেম। সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অন্তত ২০২২ সালের দুর্গাপূজায় দেখিয়ে দিন যে, আপনারা অসাম্প্রদায়িকতার ঝাণ্ডা তুলে ধরেছেন, কোনো মন্দিরে কোনো গণ্ডগোল হয়নি। এ জন্য জনপ্রতিনিধিদের মাঠে নামান। তাঁদের বলুন, যাঁর এলাকায় এ ধরনের ঘটনা ঘটবে, তাঁকে সংসদে জবাবদিহি করতে হবে। পুলিশ-প্রশাসনকে বলুন, যাঁর দায়িত্বে থাকা এলাকায় এ রকম ঘটনা ঘটবে, তাঁকে জবাবদিহি করতে হবে। তাহলে এ ঘটনার সমাধান করা যাবে।’

সাম্প্রদায়িকতাকে প্রতিহত করা সরকারের দায় বলে মন্তব্য করেন ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বন্ধ করতে হবে। মানুষের মনের মধ্যে যে ঘৃণা-বিভাজন তৈরি করা হচ্ছে, সেটা দূর করার বিষয়ে এখনই না ভাবলে সাধারণ মানুষকে কষ্ট করতে হবে এবং দেশে রাজনীতির চেহারা বদলে যাবে। সরকারের আইনের প্রয়োগের ব্যাপারগুলো সাম্প্রদায়িকতাকে উসকানি দিচ্ছে কি না, তা ভাবতে হবে। আইনপ্রয়োগের সব ক্ষেত্রে সবার প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অশ্লীল, অসভ্য ও ঘৃণ্য উসকানিমূলক বক্তব্য আসে, সেসব ক্ষেত্রে কোনো আইনের প্রয়োগ করতে হবে।’

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে দেশে সারা বছর সহিংসতার ঘটনা ঘটছে। গত বছর ও তারও আগে এমন দুঃসহ অভিজ্ঞতা সংখ্যালঘুদের হয়েছে। দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের উদাসীনতা রয়েছে। রাজনৈতিক প্রভাবশালী মহল এর সঙ্গে যুক্ত থাকে। কিন্তু তাদের আইনের আওতায় আনা হয় না। বিচারের ঊর্ধ্বে থাকার কারণে তারা উৎসাহিত হচ্ছে। এসব ঘটনা প্রতিহত করতে হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, নারীনেত্রী জনা গোস্বামী, রেহানা ইউনূস, মঞ্জু ধর প্রমুখ বক্তব্য দেন।