ফ্লাইট এক্সপার্টের ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

মহানগর দায়রা জজ আদালত, ঢাকাফাইল ছবি: প্রথম আলো

গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে টিকিট না দিয়ে পালিয়ে যাওয়ায় উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’–এর ২০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৪ কোটি ১০ লাখ ৯৪৬ টাকা আছে।

ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যান সালমান বিন রশিদ শাহ সায়েমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ রোববার এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সিআইডির পক্ষে উপপুলিশ পরিদর্শক মো. জহির রায়হান ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রয় ও বুকিং গ্রহণ করলেও গ্রাহকদের টিকিট সরবরাহ করেনি এবং অর্থ আত্মসাৎ করেছে। গত বছরের ২ আগস্ট চেয়ারম্যান অফিস বন্ধ করে কানাডায় পালিয়ে যান।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হিসাবগুলো পর্যালোচনায় দেখা গেছে, হিসাবগুলোতে বিভিন্ন গ্রাহক ও সাব এজেন্সি বিভিন্ন সময়ে এসব হিসাবে টাকা জমা দিয়েছেন। এটা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।