শেখ রেহানার স্বামী শফিক আহমেদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন আয়কর নথি জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগে দুদক আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এ জন্য ২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তাঁর আয়কর নথির স্থায়ী, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।

২০২৫ সালের ২০ নভেম্বর ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধানে শফিক আহমেদ সিদ্দিকের নামে ১৫ কোটি ৩২ লাখ ৮৮ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া যায় ২ কোটি ৬৫ লাখ টাকা। ব্যয়সহ অর্জিত মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা। তাঁর নামে ৯ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে। হিসাব অনুযায়ী ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।

এ ঘটনায় শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।