নির্বাচনের দিন মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ডিআরইউ
নির্বাচনের দিন খবর সংগ্রহে সংবাদকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি গতকাল বুধবার নির্বাচন কমিশনের প্রকাশ করা সংশ্লিষ্ট নীতিমালা বাতিল করে সাংবাদিকদের সহায়ক নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান এসব দাবি জানান।
ডিআরইউ নেতারা বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য স্টিকার ইস্যু না করার ‘হঠকারী’ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন (ইসি)। তখন সাংবাদিকদের প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত থেকে কমিশন সরে আসে।
ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো আলোচনা করা ছাড়াই নির্বাচন কমিশন মোটরসাইকেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সাংবাদিকতাবিরোধী নীতিমালা প্রণয়ন করেছে। এটি মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। ডিআরইউ মনে করে, সংবাদ সংগ্রহে মোটরসাইকেলের নিষেধাজ্ঞা সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করার শামিল।
ডিআরইউ নেতারা বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য স্টিকার ইস্যু না করার ‘হঠকারী’ সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন নির্বাচন কমিশন। তখন সাংবাদিকদের প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত থেকে কমিশন সরে আসে।
ডিআরইউ ওই নীতিমালা প্রত্যাখ্যান করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করা নির্বাচন কমিশনের দায়িত্ব। কারণ, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতির জন্য পেশাদারি অক্ষুণ্ন রেখে সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন। অবিলম্বে ওই নীতিমালা বাতিল করে সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাংবাদিক–সহায়ক নীতিমালা প্রণয়ন করতে হবে। নয়তো সাংবাদিকেরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
গত ১৩ মার্চ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য সমন্বিত নীতিমালার খসড়া নিয়ে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে কমিশন। তখন নীতিমালার খসড়া সাংবাদিকদের সরবরাহ করা হয়নি। বিষয়টি নজরে আনা হলে পরে সরবরাহ করা হবে ও আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু খসড়াটি সরবরাহ না করে এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনা করা ছাড়াই নীতিমালাটি প্রকাশ করা হয়।
ইসির নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে নীতিমালাটিতে।