বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী যৌথ প্রশিক্ষণ মহড়ায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন
ছবি: আইএসপিআর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু হয়েছে। আজ রোববার চট্টগ্রামের বানৌজা নির্ভীকে ‘এক্সারসাইজ টাইগার সার্ক-৪০’ শীর্ষক এ মহড়ার উদ্বোধন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা যোগ দেন। মহড়ায় অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক প্রযুক্তিগত ও পদ্ধতিগত জ্ঞান অর্জন করা এ মহড়ার লক্ষ্য। কমোডর সোয়াডস কমান্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মহড়ায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এবং যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অংশগ্রহণ করছে। আগামী ১৫ জুন মহড়া শেষ হবে।