এক ছাদের নিচে আসবাবের ২৭ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে শুরু হয়েছে আসবাব মেলা। মেলার একটি স্টলে আসবাব দেখছেন দুই দর্শনার্থী। গতকাল দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে
ছবি: প্রথম আলো

করোনার কারণে গত দুই বছর হয়নি আসবাব মেলা। এবার নতুন প্রত্যাশায় শুরু হলো চট্টগ্রামের আসবাবজগতের অন্যতম আয়োজন ‘চট্টগ্রাম আসবাব মেলা’। আজ বুধবার বেলা একটায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন হয়। এতে এক ছাদের নিচে ২৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

ছয় দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্পমালিক সমিতি চট্টগ্রাম বিভাগ। ১২তম বারের মতো এই মেলার আয়োজন বসেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এবারের মেলা কমিটির আহ্বায়ক মো. নুরুল আযম খান প্রথম আলোকে বলেন, মেলা নিয়ে তাঁদের অনেক প্রত্যাশা। কারণ, দুই বছর পর মেলার আয়োজন হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাঁদের রকমারি পণ্য ক্রেতার সামনে তুলে ধরতে উদ্‌গ্রীব হয়ে আছে। আর ক্রেতারাও অপেক্ষা করছেন জমজমাট এক মেলার জন্য।

বেলা একটার দিকে মেলার উদ্বোধন করেন চিটাগং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. ইলিয়াস সরকার। সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নূরউদ্দীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রামের চেয়ারম্যান মো. আবদুল কৈয়ম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আল মো. ইকবাল প্রমুখ।

এতে বক্তারা বলেন, আসবাব নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। মানুষ ঘরের সৌন্দর্য বাড়াতে পছন্দ করে। এ মেলায় ক্রেতারা পছন্দের আসবাব খুঁজে নিতে পারবেন। এ ছাড়া আসবাবশিল্প এখন অনেক এগিয়ে গেছে। আমদানি টপকে রপ্তানি বাড়ছে।
বেলা ১১টার দিকে মেলা প্রাঙ্গণে গিয়ে বিক্রেতাদের উচ্ছ্বাস চোখে পড়ে। বিভিন্ন নকশার, আকারের, দামের আসবাব জায়গা করে নিয়েছে প্রতিটি স্টলে। সোফা, খাট, টি টেবিল, চেয়ার, আলমারি, ডাইনিং টেবিল—কত কিছুই না জায়গা করে নিয়েছে প্রতিটি স্টলে। স্টলগুলো সেজেছে উৎসবের রঙে।

এবারের মেলায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে নজরকাড়া আসবাব নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামের আসবাবজগতের বনিয়াদি প্রতিষ্ঠান ইউনিক ফার্নিচার। ১৯৭৬ সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। তাদের রয়েছে দোলনা, খাট, ডাইনিং, সোফাসহ নানা ধরনের আসবাব। প্রতিষ্ঠানটির কর্ণধার এস এম ইমতিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, মেলা উপলক্ষে তাঁরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন। তাঁদের সব আসবাবই সেগুন কাঠের তৈরি। কাঠের প্রকৃত রংটাই ফুটিয়ে তোলেন আসবাবে। এ ছাড়া আসবাবে ১০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়।

ডেল আর্ট লিমিটেড নামের আরেক প্রতিষ্ঠানও এবার বাহারি সব আসবাব নিয়ে মেলায় এসেছে। খাট, ডাইনিং টেবিল, চেয়ার—সবকিছুই আছে তাদের কাছে। প্রতিষ্ঠানটির কর্ণধার জিয়াউল হাসান প্রথম আলোকে বলেন, আধুনিক পদ্ধতি অনুসরণ করে তাঁরা আসবাব তৈরি করেন। এ কারণে চট্টগ্রামে তাঁদের পণ্যের চাহিদা রয়েছে। মেলায় তাঁরা ক্রেতাদের জন্য চমক নিয়ে হাজির হয়েছেন।