মনের যত্ন নেওয়ার আবশ্যকতা

হেলাল উদ্দিন আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং সারা বিশ্বের মতো বাংলাদেশেও জেন-জিদের নিয়ে আলোচনা হচ্ছে। সাধারণভাবে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের জেনারেশন-জি বা জেন-জি বলা হয়। তাঁদের আগের প্রজন্ম মিলেনিয়ালস, আর পরের প্রজন্ম জেনারেশন-আলফা। প্রযুক্তির দ্রুত বিকাশের মধ্যে বেড়ে ওঠা জেন-জির পড়াশোনা, যোগাযোগ, সম্পর্ক ও জীবনযাপনের ধরন আগের প্রজন্মের তুলনায় কিছুটা আলাদা। সেই সঙ্গে তাঁদের মানসিক স্বাস্থ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।

অস্ট্রেলীয় জনসংখ্যাবিদ মার্ক ম্যাকক্রাইনডলের মতে, জেন-জির সদস্যরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ, দেশ ও সংস্কৃতির সীমানা পেরিয়ে ভাবতে স্বচ্ছন্দ এবং ভিডিও ও দৃশ্যনির্ভর উপকরণ থেকে শিখতে আগ্রহী। তাঁরা নতুন কিছু শিখতে চান এবং বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারেন। তবে একটি প্রজন্মের সব সদস্যের চিন্তা ও আচরণ এক রকম নয়।

ফ্যাশনবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান বিজনেস অব ফ্যাশনের ২০২২ সালের এক সমীক্ষায় জেন-জির ব্যক্তিত্বকে ছয়টি গুচ্ছে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চাকাঙ্ক্ষী নির্মাতা, স্বীকৃতিপ্রত্যাশী সংকেতদাতা, জনপ্রিয় ধারা অনুসরণকারী, প্রচলিত রীতির বাইরে থাকা বিদ্রোহী, নিজের বিশ্বাস প্রকাশে আগ্রহী অনুসন্ধানী এবং ইতিবাচক পরিবর্তনকামী আদর্শবাদী। এই বৈচিত্র্য মনে রেখেই তাঁদের মানসিক স্বাস্থ্য বুঝতে হবে। ব্যক্তিত্বের এমন শ্রেণিবিন্যাস কোনো রোগনির্ণয় নয়; বরং তরুণদের পছন্দ, আকাঙ্ক্ষা ও আচরণের ভিন্নতা বোঝার একটি চেষ্টা। কাউকে শুধু তাঁর প্রজন্মের পরিচয় দিয়ে বিচার করলে ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবার ও সামাজিক বাস্তবতার প্রভাব উপেক্ষিত থেকে যায়।

জেন-জির মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য কেবল মানসিক রোগের অনুপস্থিতি নয়। নিজের আবেগ বুঝতে পারা, দৈনন্দিন চাপ সামলানো, সম্পর্ক বজায় রাখা এবং জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও এর অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১০ থেকে ১৯ বছর বয়সী প্রতি সাতজনে একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই বয়সে উদ্বেগ, বিষণ্নতা ও আচরণগত সমস্যা গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ ২০১৯ অনুযায়ী, ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১২ দশমিক ৬ শতাংশের মানসিক স্বাস্থ্য সমস্যা পাওয়া গেছে। তাদের মধ্যে উদ্বেগের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ। অবশ্য এই বয়সসীমার সবাই জেন-জির অন্তর্ভুক্ত নয়।

জেন-জির অনেকেই মানসিক সমস্যা নিয়ে কথা বলতে আগের প্রজন্মের তুলনায় কম সংকোচ বোধ করেন। এ কারণে সাহায্য চাওয়ার প্রবণতা এবং সমস্যার শনাক্তকরণও বাড়তে পারে।

যুক্তরাজ্যের রেজোল্যুশন ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, ২০২৪ সালে ১৮ থেকে ২৪ বছর বয়সীদের প্রতি তিনজনে একজন বিষণ্নতা ও উদ্বেগের লক্ষণ প্রকাশ করেছেন। ২০০০ সালে একই বয়সীদের মধ্যে এ ধরনের লক্ষণ ছিল প্রতি চারজনে একজনের। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যানি ই কেসি ফাউন্ডেশনের ২০২৩ সালের গবেষণায় জেন-জির ৬৫ শতাংশ আগের দুই বছরে কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছে। মিলেনিয়ালসের ক্ষেত্রে হার ছিল ৫১ শতাংশ, জেনারেশন এক্সের ২৯ এবং বেবি বুমারদের ১৪ শতাংশ।

এই পরিসংখ্যানগুলো ভিন্ন দেশ, বয়সসীমা ও গবেষণাপদ্ধতির; তাই সরাসরি একটির সঙ্গে অন্যটির তুলনা করা ঠিক নয়। তবে তরুণদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা বোঝায়। অন্যদিকে জেন-জির অনেকেই মানসিক সমস্যা নিয়ে কথা বলতে আগের প্রজন্মের তুলনায় কম সংকোচ বোধ করেন। এ কারণে সাহায্য চাওয়ার প্রবণতা এবং সমস্যার শনাক্তকরণও বাড়তে পারে। গবেষণায় যে লক্ষণ বা অভিজ্ঞতার কথা বলা হয়, তা সব সময় চিকিৎসকের নির্ণয় করা মানসিক রোগের সমান নয়।

মানসিক চাপের প্রধান উৎস

সাফল্যের প্রতিযোগিতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ: পরীক্ষায় ভালো ফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি ও আর্থিক নিরাপত্তা নিয়ে প্রত্যাশা তরুণদের ওপর চাপ তৈরি করে। বাংলাদেশের ভর্তিযুদ্ধ ও চাকরির প্রতিযোগিতা এই চাপ আরও বাড়াতে পারে। মনোবিজ্ঞানী লরেন কুক তাঁর জেনারেশন অ্যাংজাইটি বইয়ে শিক্ষা, সম্পর্ক ও ভবিষ্যৎসহ জীবনের সব ক্ষেত্রে ভালো করার প্রত্যাশার কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচয়ের সংকট: অন্যের সাফল্য, সৌন্দর্য কিংবা জীবনযাপনের সঙ্গে নিজের তুলনা করে অনেকেই হতাশ হন। পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের গবেষণায় যুক্তরাষ্ট্রের ১৩ থেকে ১৭ বছর বয়সীদের ১৯ শতাংশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম তাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। সাইবার বুলিং, নেতিবাচক মন্তব্য ও অনলাইনে স্বীকৃতি পাওয়ার চাপও ক্ষতিকর হতে পারে।

নিজের অনুভূতি প্রকাশ করা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক আস্থা বাড়াতে পারে, যা মনের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ
ছবি: সাবিনা ইয়াসমিন

একাকিত্ব ও সম্পর্কের পরিবর্তন: অনলাইনে অনেক বন্ধুর সঙ্গে যোগাযোগ থাকলেও বাস্তবে একাকিত্ব থাকতে পারে। বন্ধুত্ব ভেঙে যাওয়া, সম্পর্কের জটিলতা, পরিবারে মতের অমিল এবং মানসিক সমর্থনের অভাব তরুণদের কষ্ট বাড়ায়। কারও কারও মনে হয়, কেউ তাঁকে বোঝেন না।

জীবনযাপনের অনিয়ম: রাত জেগে স্ক্রিনে সময় কাটানো, পর্যাপ্ত ঘুম না হওয়া এবং বিশ্রামের অভাব মনোযোগ ও মেজাজে প্রভাব ফেলতে পারে। পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় অনেক কিশোর-কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কথা জানিয়েছে। তবে প্রযুক্তিকে সব মানসিক সমস্যার একমাত্র কারণ ভাবা ঠিক নয়। পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। কোভিড মহামারির সময়ের বিচ্ছিন্নতা, সহিংসতার খবর, জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাও তরুণদের মানসিক চাপে ভূমিকা রাখতে পারে। তাই একটিমাত্র কারণ খুঁজে বের করার বদলে তাঁদের জীবনের সামগ্রিক পরিস্থিতি বুঝতে হবে।

কখন বুঝবেন সমস্যা হচ্ছে

মানসিক সমস্যার লক্ষণ সবার ক্ষেত্রে এক নয়। কেউ কষ্টের কথা প্রকাশ করেন, কেউ গোপন রাখেন, আবার কেউ নিজের পরিবর্তন বুঝতেই পারেন না। দীর্ঘদিন মন খারাপ থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা, প্রিয় কাজে আগ্রহ হারানো, ঘুম বা খাদ্যাভ্যাস বদলে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, মনোযোগ কমে যাওয়া এবং পরিবার বা বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেওয়া সতর্কসংকেত হতে পারে।

জেন-জির মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় তাঁদের জীবনাচরণকে দুর্বলতা হিসেবে দেখা কিংবা প্রযুক্তিকেই সব সমস্যার জন্য দায়ী করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে এমন পরিবেশ প্রয়োজন, যেখানে তরুণেরা উপহাস বা বিচারের ভয় ছাড়াই নিজেদের সমস্যার কথা বলতে পারেন

হঠাৎ আচরণ বদলে যাওয়া, অকারণ সন্দেহ, অন্যরা শুনতে পান না এমন আওয়াজ শোনা, নিজেকে অস্বাভাবিক শক্তিশালী মনে করা কিংবা নিজের ক্ষতি করার চিন্তাও গুরুত্বের সঙ্গে নিতে হবে। তবে একটি লক্ষণ দেখেই মানসিক রোগ হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। লক্ষণের স্থায়িত্ব, তীব্রতা এবং পড়াশোনা, কাজ ও সম্পর্কের ওপর প্রভাব বিবেচনা করতে হয়। সমস্যা দীর্ঘস্থায়ী হলে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ প্রয়োজন। আত্মহত্যার চিন্তা বা নিজের ক্ষতি করার আশঙ্কা থাকলে দ্রুত সহায়তা নিতে হবে।

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হলে

নিয়মিত ঘুম, শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাবার ও বিশ্রাম মানসিক সুস্থতায় সহায়ক। প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রাখা জরুরি। অন্যের জীবন দেখে নিজের সাফল্য বিচার না করে ব্যক্তিগত লক্ষ্য ও অগ্রগতিতে মনোযোগ দেওয়া ভালো। কারণ, সবার আর্থিক অবস্থা, সুযোগ ও এগিয়ে যাওয়ার গতি এক নয়।

পরিবার ও বন্ধুদের সঙ্গে অর্থপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিজের অনুভূতি প্রকাশ করা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা পারস্পরিক আস্থা বাড়ায়। বই পড়া, গান শোনা, বেড়াতে যাওয়া ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোও উপকারী হতে পারে। তবে গুরুতর মানসিক সমস্যায় শুধু পরিবার বা বন্ধুদের সমর্থন যথেষ্ট নয়। প্রয়োজন অনুযায়ী কাউন্সেলিং, সাইকোথেরাপি এবং চিকিৎসকের পরামর্শে ওষুধের সাহায্য নিতে হতে পারে। ওষুধ নিয়ে অকারণ ভয় বা লজ্জা রাখা উচিত নয়।

জেন-জি মনের যত্নে যা করতে পারে

● প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো, দিনে সক্রিয় থাকা এবং নিয়মিত ব্যায়াম করা।

● সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি খাওয়া ও মাদক থেকে দূরে থাকা।

● সামাজিক যোগাযোগমাধ্যমে সময়ের সীমা রাখা এবং ক্ষতিকর অনলাইন তুলনা এড়িয়ে চলা।

● পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা; প্রয়োজনে নিজের কষ্টের কথা বলা।

● বই পড়া, গান শোনা, সুস্থ বিনোদন ও প্রকৃতির সান্নিধ্যে সময় দেওয়া।

● নিজের ছোট অগ্রগতির স্বীকৃতি দেওয়া এবং অন্যের মতকে শ্রদ্ধা করা।

● চিন্তা বা আচরণে সমস্যা হলে সাহায্য চাওয়া; নিজের ক্ষতি করার চিন্তা এলে দ্রুত চিকিৎসা নেওয়া।

জেন-জির মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনায় তাঁদের জীবনাচরণকে দুর্বলতা হিসেবে দেখা কিংবা প্রযুক্তিকেই সব সমস্যার জন্য দায়ী করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে এমন পরিবেশ প্রয়োজন, যেখানে তরুণেরা উপহাস বা বিচারের ভয় ছাড়াই নিজেদের সমস্যার কথা বলতে পারেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা মনের যত্নের প্রথম ধাপ। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তোলা শুধু তাঁদের ব্যক্তিগত দায়িত্ব নয়, সমাজেরও দায়িত্ব।

* হেলাল উদ্দিন আহমেদ: অধ্যাপক, শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগ বিভাগ, ফরিদপুর মেডিকেল কলেজ