ঈদের ছুটিতে সাইবার হামলা নিয়ে সতর্কতা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইবার হামলার প্রতীকী ছবি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি ঘিরে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থার জন্য সাইবার নিরাপত্তার বিষয়ে সতর্কতা জারি করেছে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এ জন্য ঈদের ছুটির সময় ২৪ ঘণ্টা নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দিয়েছে সার্ট।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করেছে বিজিডি ই-গভ সার্ট। এতে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সরকারি–বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যপ্রযুক্তি ব্যবস্থার এবং পরিষেবাগুলোতে কোনো ধরনের অনুপ্রবেশ বা সন্দেহজনক কার্যকলাপের জন্য সতর্ক থাকতে এ বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সরকার ও সামরিক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, জ্বালানি ও শিক্ষা খাত সাইবার হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সাইবার হামলার বিভিন্ন ধরনের কথাও জানিয়েছে সার্ট। ধরনগুলো হলো ডি ডস, র‍্যানসমওয়্যার, ওয়েব ডিফেসমেন্টস, ফিশিং, গুরুত্বপূর্ণ তথ্য চুরি, এপিটি ক্যাম্পেইন। এগুলোর মধ্যে ডি ডস বাংলাদেশের সাইবারজগৎকে আক্রমণের জন্য সবচেয়ে বেশি লক্ষ্য বানিয়েছে। অপর দিকে ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে র‍্যানসমওয়্যারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। শীর্ষ হুমকিদাতা হিসেবে দক্ষিণ এশিয়াভিত্তিক আন্ডারগ্রাউন্ড হ্যাকার, স্ক্রিপ্ট কিডিস, মানি মেসেজ, আকিরার মতো র‌্যানসমওয়্যার গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন

সাইবার হামলা এড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছে সার্ট। সেগুলো হলো তথ্য আদান–প্রদানে সন্দেহজনক বিষয়ে সতর্ক থাকা। মুঠোফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজ করার সময় সতর্ক থাকার পাশাপাশি অপরিচিতি সাইটে প্রবেশ করা ও কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকা। নেটওয়ার্ক কাঠামো যেন নিরাপদ থাকে এবং ইন্টারনেটে প্রকাশ না পায়। গ্রাহকদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারে উৎসাহ দেওয়া। নিজেদের অবকাঠামোর দুর্বলতা মূল্যায়ন–সংক্রান্ত নিরীক্ষা করা এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে বিজিডি ই–গভ সার্টকে জানানো।

আরও পড়ুন