তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় ঢাবিতে ছাত্রদলের মিষ্টি বিতরণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মিষ্টি বিতরণ করেছেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
ছাত্রদলের মাস্টারদা সূর্য সেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এই উদ্যোগ নেন। মিষ্টি বিতরণের পাশাপাশি এ সময় তিনি তারেক রহমানের জন্য দোয়া চান, যেন তিনি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন।
এ বিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে দেশকে একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন আমরা সেই প্রত্যাশা রাখি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ, মাস্টারদা সূর্য সেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক ও হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য কিয়েভ বারী।