ঢাবিতে লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও ভাইরাল, তদন্তে তিন সদস্যের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোর রাতে এক তরুণের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসছেন। ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব বলে তাঁর সহপাঠীরা জানিয়েছেন। ভিডিওতে আরেক ছাত্রকেও দেখা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষার বলে তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।
তবে এই দুই ছাত্রের কারও বক্তব্য পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে রাকিবকে ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর তুষারের ফোনে কল গেলে তিনি কেটে দেন।
ভিডিওতে দুই নারীকে দেখা যায়। তাঁদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে গিয়েছিলেন ওই তরুণ। ভুক্তভোগী ওই নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাতে দেখা যায়। ভিডিওতে ওই নারী বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন তাঁরা। একপর্যায়ে তাঁদেরকে হেনস্তা করা হয়েছে।
ভুক্তভোগী নারীকে বলতে শোনা যায়, ওই ছাত্র তাঁদের ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে ওই নারীকে বলতে শোনা যায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা নিরাপদ না।.. বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আমাদের মারে।’
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা বিষয়টি সম্পর্কে জানেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। আমরা ঘটনার সত্যতার নির্ধারণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা পরবর্তী সময়ে ব্যবস্থা নেব।’