ডিজিটাল যুগে ছবির গুরুত্ব বেড়েছে, দরকার মানসম্মত প্রশিক্ষণ: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশের ফটোজার্নালিজমকে বিশ্বমানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তিতে দক্ষতা ও মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, ডিজিটাল যুগে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ উপস্থাপনায় আলোকচিত্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে, তাই ফটোসাংবাদিকদের সক্ষমতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ জরুরি।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের সৌন্দর্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ধারণ করা বিভিন্ন আলোকচিত্র নিয়ে এক দিনের এই প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও নেপাল ফোরাম অব ফটোজার্নালিস্টস (এনএফপিজে)।
প্রতিমন্ত্রী বলেন, এখন অনেকেই খবরের আগে ছবি দেখে সংবাদ পড়তে আগ্রহী হন; কিন্তু দেশের অনেক ফটোসাংবাদিক এখনো বৈশ্বিক মানের আধুনিক সরঞ্জাম থেকে বঞ্চিত। এই খাতকে শক্তিশালী করতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পাশাপাশি উন্নত এডিটিং সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ফটোসাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নিয়েই তাঁরা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করেছেন। বিবিসি লন্ডনে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, ফটোগ্রাফির প্রতি তাঁর ব্যক্তিগত আগ্রহ রয়েছে এবং সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। তিনি বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার ও পর্যটন বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী রওনাক হোসেন।
প্রদর্শনীতে নেপালের এনএফপিজেএর সভাপতি প্রদীপ রাজ ওনতার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি লেখা বাহাদুর শ্রেষ্ঠ, সাধারণ সম্পাদক ঘনশ্যাম শ্রেষ্ঠ, সম্পাদক প্রবীন কুলুং রাই, কেন্দ্রীয় সদস্য মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল ও অনুপ প্রধান এবং সাধারণ সদস্য রাম শরণ মহারজান ।
এ ছাড়া নেপালের এনএফপিজেএর পোখরা শাখার সম্পাদক প্রেম বাহাদুর থাপা ও সিন্ধুলি শাখার চেয়ারম্যান উদ্ধব কুমার শ্রেষ্ঠও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।