মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
গত ১৯ মার্চ শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৯ জন নিহত হন। অন্তত ২৭ জন আহত হন। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন যুক্ত করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে ৩ এপ্রিল ওই রিটটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ।
পরে আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘রুলে ওই বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। সড়কে চলাচল করা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাস্তায় চলাচল করা গাড়ির ফিটনেস, লাইসেন্স ও চালকের লাইসেন্স নিয়ে চলাচল নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।’
সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, স্বাস্থ্যসচিব, মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিআরটিএ চেয়ারম্যান ও ইমাদ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমানসহ ১১ বিবাদীকে চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।