রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসে আগুন

বিএনপির অবরোধের প্রথম দিন বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বাসে আগুন দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচা এলাকার জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কয়েকজন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তাঁরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান।

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকে দেশজুড়ে তিন দিনের অবরোধ চলছে। আজ অবরোধের প্রথম দিন। অবরোধ শেষ হবে আগামী বৃহস্পতিবার।