গৃহকর কমিয়ে দিতে ঘুষ আদায়, দুজন চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময়ের সবুজে ঘেরা চট্টগ্রাম শহরে এখন গড়ে উঠছে সারি সারি বহুতল ভবন
ফাইল ছবি: প্রথম আলো

গৃহকর কমিয়ে দেওয়ার নামে ভবনমালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্ব বিভাগের দুই কর্মীকে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তাঁরা হলেন সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-৭-এর কর আদায়কারী কাজী মোহাম্মদ লুৎফুর রহমান ও মোছলেহ উদ্দিন।

আজ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশন এ সিদ্ধান্ত নেয়। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই অভিযোগে ১০ জনকে আগামীকাল মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে নতুন করে গৃহকর নির্ধারণ করা হয়েছিল। এতে গৃহকর আগের তুলনায় ৫ থেকে ১০ গুণ বৃদ্ধি পায়। ক্ষুব্ধ নগরবাসীর আন্দোলনের মুখে ২০১৭ সালে তা স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে চলতি বছর সে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। গত জুলাই থেকে এই গৃহকর আদায় শুরু হয়।

সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, গৃহকর নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপাতত ১২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যদি কারও বিরুদ্ধে এ রকম অভিযোগ পাওয়া যায়, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কারণ দর্শানোর নোটিশ যাঁদের দেওয়া হবে তাঁরা হলেন কর কর্মকর্তা মো. সেলিম উদ্দিন শিকদার, উপকর কর্মকর্তা আবুল কালাম, মো. কামরুল হাসান ও রাজীব চৌধুরী, কর আদায়কারী আবদুল মোমেন পাটোয়ারী, মিশকাতুল ইসলাম, মো. সালাউদ্দিন, এম তৈয়বুর রহমান, মো. আনিছ উদ্দিন ও ত্রিদীপ দাশ।

সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কর আদায়কারী কাজী মোহাম্মদ লুৎফুর রহমান ও মোছলেহ উদ্দিন আপিলের মাধ্যমে গৃহকর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজন ভবনমালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করেছিলেন। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাঁরা কারও গৃহকর পাঁচ লাখ টাকা থেকে কমিয়ে দুই লাখ, কারও তিন লাখ করার আশ্বাস দিয়েছিলেন।

আরও পড়ুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে নতুন করে গৃহকর নির্ধারণ করা হয়েছিল। এতে গৃহকর আগের তুলনায় ৫ থেকে ১০ গুণ বৃদ্ধি পায়। ক্ষুব্ধ নগরবাসীর আন্দোলনের মুখে ২০১৭ সালে তা স্থগিত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে চলতি বছর সে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। গত জুলাই থেকে এই গৃহকর আদায় শুরু হলে আবার নগরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গৃহকর নিয়ে নগরবাসীর আপত্তি আপিল শুনানির মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেয় সিটি করপোরেশন।

আরও পড়ুন

তবে ১৫ অক্টোবর সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের নেতারা জানান গৃহকরের আপিল শুনানি নিয়ে ২০০ কোটি টাকার ঘুষ-বাণিজ্য হচ্ছে। গত শুক্রবার পরিষদের উদ্যোগে আয়োজিত গণশুনানিতেও ১৫ করদাতা অভিযোগ করেন, সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মীরা এই গৃহকর কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।

গৃহকর নিয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রেজাউল করিম চৌধুরী, সিটি করপোরেশনের মেয়র

সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিল শুনানির মাধ্যমে গৃহকর কমিয়ে দেওয়ার নামে ভবনমালিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ১২ কর্মীর বিরুদ্ধে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে। তাই তাঁদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে।

ঘুষ নেওয়ার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে ইতিবাচক উল্লেখ করে করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মুহম্মদ আমির উদ্দিন প্রথম আলোকে বলেন, গৃহকরের আপিল শুনানিকে কেন্দ্র করে যে ঘুষ-দুর্নীতি চলছে, তার ব্যাপারে সিটি করপোরেশনের নিরপেক্ষ তদন্ত করা উচিত। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকেও তা খতিয়ে দেখতে হবে। এর মাধ্যমে দোষীদের চিহ্নিত করা সহজ হবে এবং মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।