জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে সমন্বয় সভা
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উৎসব। সভায় জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। সভায় ৪ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে ডিএমপির নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, শুভ জন্মাষ্টমী উপলক্ষে পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রোল, রুফটপ পার্টি, মোটরসাইকেল মোবাইল, ডিবি টিম, সাদাপোশাকে গোয়েন্দা দল, সোয়াট দল, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, ট্রাফিক পুলিশসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।
জন্মাষ্টমীর অনুষ্ঠান নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ ছাড়া নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক বাজানো থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ব্যাগ-পোঁটলাসহ শোভাযাত্রায় অংশ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর জন্যও বলা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মহানগরীতে শুভ জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপকমিশনার (ডিসি) সংশ্লিষ্ট শুভ জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
শফিকুল ইসলাম আরও বলেন, জন্মাষ্টমীর দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। সাদাপোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শুভ জন্মাষ্টমীর প্রতিটি মুহূর্ত ডিএমপির কাছে গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শুভ জন্মাষ্টমী উদ্যাপন কমিটির নেতারা তাঁদের মতামত দেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, যুগ্ম কমিশনার, উপকমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের সভায়। এ ছাড়া বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, ইসকন বাংলাদেশের সভাপতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।