রাজনীতি করি ৫৬ বছর, ব্যবসা করি ৪২ বছর ধরে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
ফাইল ছবি

দ্রব্যমূল্য ও ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ে আজ সোমবার জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যের তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিরোধী সংসদ সদস্যরা মন্ত্রীর পদত্যাগ দাবি করেন। তাঁরা অভিযোগ করেন, বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী বলেই ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন। জবাবে মন্ত্রী বলেন, তিনি ৫৬ বছর ধরে রাজনীতি করেন। আর চার দশকের বেশি সময় তাঁর ব্যবসার বয়স।

আজ বিরোধীদের সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বারবার একটি কথা উঠে আসছে, আমি ব্যবসায়ী এবং ব্যবসায়ীরা আমার দ্বারা সুবিধা পাচ্ছেন। যাঁরা এটা বলছেন, তাঁদের উদ্দেশ্য একটি কথাই বলব, তাঁদের রাজনীতির অভিজ্ঞতা কত বছরের, তা জানি না। আমি কিন্তু ৫৬ বছর ধরে রাজনীতি করি। আমি ব্যবসা করি আজকে ৪০ থেকে ৪২ বছর। কিন্তু ঘুরে ফিরে কেউ বলেন না আমি রাজনীতিবিদ। বলেন আমি ব্যবসায়ী, সুযোগটা আপনি ব্যবসায়ীদের দিচ্ছেন।’

পদত্যাগ দাবির পরিপ্রক্ষিতে টিপু মুনশি বলেন, ‘এখানে একজন তো আমাকে পদত্যাগ করতে বললেন। খুব ভালো কথা বলছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব উনি (মোকাব্বির) দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে উনারে দায়িত্বটা দিতে পারেন। কোনো সমস্যা নেই আমার।’

বাজার সিন্ডিকেট নিয়ে সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘সিন্ডিকেটের কথা বলা হয়। এটা ঠিক, বড় বড় গ্রুপ একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে। আমরা চেষ্টা করি। আমাদের একটা জিনিস লক্ষ রাখা দরকার, আমরা জেলে ভরলাম, জরিমানা করলাম। সেটা হয়তো করা সম্ভব। কিন্তু তাতে হঠাৎ করে ক্রাইসিসটা তৈরি হবে, সেটা সইতে তো আমাদের কষ্ট হবে। আমরা চেষ্টা করি আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে থেকে।’

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে নিজেদের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এটা ঠিক সব সময় ১০০ ভাগ সফল হই, তা নয়। স্বীকার করে নিচ্ছি অনেক সময় বাস্তবায়নটা ধীরগতিতে হয়।’

টিপু মুনশি বলেন, ‘সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে না। তরপরও দায় আমি নিয়ে বলছি, আমরা সর্বৈবভাবে চেষ্টা করছি, কী করা যায়।’

আরও পড়ুন

বিরোধীদের সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘অনেক কথা আসছে। বলা যখন শুরু হয়—ডানে–বামে সব চলে আসে। ডিম, সেটার খরব তো আমি জানি না। ডিমের বাড়া বা কমা যে মন্ত্রণালয় আছে, তারা ঠিক করে দেয়।’

বাণিজ্যমন্ত্রী বলেন, দাম বেড়েছে কোনো সন্দেহ নেই। পেঁয়াজের কথা বলা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হয়েছিল যেন কৃষকেরা দাম পান। পেঁয়াজে বছরে ৬ থেকে ৭ লাখ টন ঘাটতি রয়েছে। তবে এটাও ঠিক কেজি ৮০ থেকে ৯০ টাকা হওয়া উচিত নয়। এ জন্য আমদানির ব্যবস্থা করা হয়েছে।