আগামীকাল দেশে ফিরবেন ২৫০ সুদানপ্রবাসী
সৌদি আরব থেকে আগামীকাল শুক্রবার ২৫০ জনের মতো সুদানপ্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তাঁরা ফিরবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।
এর আগে আজ বৃহস্পতিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা থেকে সুদানপ্রবাসী ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে ৮ মে জেদ্দা থেকে ১৩৬ সুদানপ্রবাসীকে দেশে ফিরিয়ে আনে বিমান।
বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় সংঘাতপূর্ণ সুদান থেকে এসব প্রবাসী বাংলাদেশি জেদ্দায় সাময়িক আশ্রয় নিয়েছিলেন।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
সুদানে বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, সে দেশে থাকা বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় দেড় হাজার। তাঁদের মধ্যে যাঁরা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।