চুন–সুড়কির মসজিদটি যেন মোগল স্থাপত্য
চট্টগ্রামের উত্তর হালিশহরে প্রায় ২২৮ বছর আগে নির্মিত মসজিদটির নাম ‘আস্গর আলী চৌধুরী জামে মসজিদ’। নির্মাণকৌশলের সবকিছুতে মোগল স্থাপত্যরীতির ছাপ রয়েছে মসজিদটিতে
চারপাশের দেয়ালজুড়েই মনোমুগ্ধকর নানা কারুকাজ। ওপরে তিনটি গম্বুজ ঘিরে ছোট-বড় ২৪টি বুরুজ। মোগল স্থাপত্যরীতিতে গড়া এ অবয়ব চট্টগ্রামের উত্তর হালিশহরের চৌধুরী পাড়ার আস্গর আলী চৌধুরী জামে মসজিদের।
১৭৯৫ সালে আস্গর আলী চৌধুরী নামের স্থানীয় এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এখন তাঁর উত্তরসূরিরা মসজিদটির দেখাশোনা করছেন। তবে মসজিদটিতে এখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ রয়েছে। ঐতিহ্য ধরে রাখতে মসজিদ ভবনটি অক্ষুণ্ন রেখে পাশে গড়ে তোলা হয়েছে নতুন একটি মসজিদ। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন।
সম্প্রতি হালিশহর চৌধুরী পাড়ায় সরেজমিনে দেখা যায়, প্রায় ২২৮ বছরের পুরোনো মসজিদটির দরজায় তালা ঝুলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেল, ২০১৬ সালে মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে পাশের নতুন মসজিদটি তৈরি করা হয়। তবে প্রায় ২০২১ সাল পর্যন্ত এই মসজিদ ভবনে শুধু ফজরের নামাজ আদায় করা হতো।
অনেক পুরোনো মসজিদ। এখানে নামাজ পড়লে হৃদয়ে খুব প্রশান্তি আসে। অন্য রকম ভালো লাগা কাজ করে
নতুন মসজিদ ভবনের ভেতরে গিয়ে দেখা মেলে মুয়াজ্জিন বেলাল হোসাইনের সঙ্গে। তাঁকে অনুরোধ করতেই তিনি এসে পুরোনো মসজিদটির তালা খুলে দেন। মসজিদের ভেতরে ঢুকে দেখা যায়, নামাজ আদায় বন্ধ থাকলেও ভেতরে বেশ পরিপাটি। মেঝেতে বিছিয়ে রাখা কার্পেটও পরিচ্ছন্ন। মসজিদের বাইরের দেয়ালের মতো ভেতরের দেয়ালেও নানা কারুকাজ করা। উত্তর ও দক্ষিণ পাশে জানালার আদলে তৈরি জালি দিয়ে আসা আলোতে বেশ স্পষ্ট দেয়ালের নকশাগুলো। মসজিদের মিহরাবের চারপাশে রং কিছুটা বিবর্ণ হয়ে গেছে। মিহরাবের দুই পাশে দুটি কুলঙ্গি। এ ছাড়া চারপাশের দেয়ালেও একাধিক কুলঙ্গি রয়েছে। এর কোনোটিতে রাখা হয়েছে তসবি, কোনোটিতে টুপি।
মুয়াজ্জিন বেলাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘এ মসজিদ ভবনে ইমামসহ সর্বোচ্চ ৪৬ জন একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। স্থান সংকুলান না হওয়ায় নতুন মসজিদ ভবন নির্মাণ করা হয়েছে। তবু ২০২১ সাল পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজ পুরোনো এ মসজিদে আদায় করা হতো। এখন নতুন মসজিদ ভবনেই সব ওয়াক্তের নামাজ আদায় করা হয়। তবে যিনি (আস্গর আলী চৌধুরী) মসজিদটি নির্মাণ করেছিলেন, তাঁর উত্তরসূরিরা এলাকায় এলে পুরোনো এই মসজিদ ভবনে নামাজ আদায় করেন। এর বাইরে নারী মুসল্লি থাকলে তাঁরাও মসজিদটি ব্যবহার করেন।’ বেলাল হোসাইন বলেন, ‘অনেক পুরোনো মসজিদ। এখানে নামাজ পড়লে হৃদয়ে খুব প্রশান্তি আসে। অন্য রকম ভালো লাগা কাজ করে।’
মসজিদটির স্থাপত্যরীতি, নকশা, রঙ—সব মিলিয়ে এর অন্যরকম এক নান্দনিক সৌন্দর্য মন কাড়ে সবার। চট্টগ্রামের ইতিহাসবিষয়ক গবেষক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ব্রিটিশ আমলের প্রথম দিকে মসজিদটি নির্মিত। চুন-সুড়কি ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে। ওই সময়ের অনেক ধর্মীয় স্থাপনাই মোগল স্থাপত্যরীতিতে গড়া। সাধারণত দিল্লিসহ নানা জায়গায় মোগল আমলে বিভিন্ন স্থাপনা যারা নির্মাণ করেছেন, সেই কর্মীদের এখানে এনে এসব স্থাপনা গড়ে তোলা হতো।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, দুই শ বছরের বেশি পুরোনো এই মসজিদটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। আসেন অনেক বিদেশি পর্যটকও। চট্টগ্রাম শহরের প্রবেশমুখ সিটি গেট পার হলেই এ কে খান গেট। সেখান থেকে বাস-অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে যাওয়া যায় হালিশহরের বড়পুল এলাকায়। বড়পুল থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিমে উত্তর হালিশহরের চৌধুরী পাড়া। অটোরিকশায় করে যাওয়া যায় এই এলাকাটিতে।
আস্গর আলী জামে মসজিদের মোতোয়ালির দায়িত্বে থাকা গিয়াস উদ্দিন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানালেন, তাঁদের পূর্বপুরুষ আস্গর আলী চৌধুরী ১৭৯৫ সালে মসজিদটি নির্মাণ করেন। ১০ শতক জায়গায় মসজিদটি গড়ে তোলা হয়েছে। ঐতিহ্যবাহী মসজিদটি তাঁদের পারিবারিক অর্থায়নে কয়েক বছর আগে সংস্কার করা হয়েছে।
গিয়াস উদ্দিন চৌধুরী বললেন, ‘আমাদের যে পূর্বপুরুষ মসজিদটি নির্মাণ করেছেন, তিনি এ মসজিদ পরিচালনার অর্থ কীভাবে আসবে, সেটিও নির্ধারণ করে দিয়ে যান। তাঁর উত্তরসূরিরা এ মসজিদ পরিচালনার জন্য বাইরের কারও কাছ থেকে কখনো চাঁদা বা অনুদান গ্রহণ করেননি। অনন্য নকশার পুরোনো ভবনটি না ভেঙে পাশেই প্রায় চার কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নতুন মসজিদ ভবনটি নির্মাণ করা হয়েছে।’