ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট
ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আবেদনকারী হয়ে আজ বুধবার সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।
রিট আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, রিটের ওপর আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি হতে পারে।
রিটের প্রার্থনায় দেখা যায়, ছয় প্রশাসক নিয়োগে গত ২২ ফেব্রুয়ারির ‘মেমো’ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মেমোর কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
আইন অনুসারে, ৩০ দিনের মধ্যে মেয়র নির্বাচনের জন্য সব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। নির্বাচন না হওয়া পর্যন্ত উল্লিখিত সিটি করপোরেশনগুলোতে জেলা প্রশাসকদের দিয়ে করপোরেশনের নিয়মিত কার্যক্রম পরিচালনা নিশ্চিতেও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ছয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে রিটে বিবাদী করা হয়েছে।
ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন গত ২২ ফেব্রুয়ারি জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।