সোনা চোরাচালান মামলায় ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে সাত বছর আগের সোনা চোরাচালান মামলায় ছয় আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসা এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার মো. শাহজাহান (৩১), একই এলাকার মো. হাসান (৪০), ফটিকছড়ি উপজেলার দৌলতপুরের কায়সার বিন ইউসুফ (৩৯), একই ইউনিয়নের মো. নাজিম উদ্দিন (৩৩), পূর্ব ফরহাদাবাদ গ্রামের মো. বাহাদুর (৩৮) ও রাউজানের শফিউল আজম (২৭)।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত ৬ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেন। আসামিদের মধ্যে বাহাদুর ও হাসান পলাতক। অন্যরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ জুলাই পুলিশ গোপনে তথ্যের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানা এলাকার ফরেস্ট একাডেমি গেট থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ১৮টি সোনার বার উদ্ধার করে। এ ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ পরের বছরের ৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।