গুগল নিউজ ইনিশিয়েটিভের ইনোভেশন চ্যালেঞ্জে নির্বাচিত প্রথম আলো

‘কাঙ্ক্ষিত খবর আপনার কাছে’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে প্রথম আলো শহর ও গ্রামের পাঠকদের কাছে তাঁদের আগ্রহ ও প্রয়োজনীয় খবর সহজে পৌঁছে দিতে কাজ করবে।

প্রথম আলোর ‘কাঙ্ক্ষিত খবর আপনার কাছে’ শীর্ষক প্রকল্পের কর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রথম আলো। ছাপা পত্রিকা ও অনলাইনের মাধ্যমে বিশ্বের প্রায় দুই শতাধিক দেশ ও অঞ্চলে বাংলা ভাষায় পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে প্রথম আলো। এই জনপ্রিয়তার একটা বড় অংশই শহরকেন্দ্রিক। তাই গ্রাম ও ছোট শহরের মানুষের হাতের নাগালে তাঁদের দৈনন্দিন চাহিদার সংবাদ, তথ্য, বিশ্লেষণ পৌঁছে দিতে বিশেষ প্রকল্প নিয়েছে প্রথম আলো। প্রকল্পটি গুগল নিউজ ইনিশিয়েটিভের (জিএনআই) ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২-এ নির্বাচিত হয়েছে। এখন প্রথম আলোর এই প্রকল্পে তহবিল ও সহায়তা দেবে গুগল।

বিশ্বব্যাপী অনলাইন সাংবাদিকতায় নতুন চিন্তা, টেকসই উন্নয়নের নতুন পথ ও সংবাদমাধ্যমকে পাঠকদের আরও কাছে নিয়ে যাওয়ার সৃজনশীল-উদ্ভাবনী প্রকল্পগুলোকে ২০১৯ সাল থেকে এই আয়োজনের মাধ্যমে সহায়তা দিয়ে আসছে গুগল। সংবাদ ও প্রযুক্তির সৃজনশীলতা নিয়ে গুগলের এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সংবাদমাধ্যম নির্বাচিত হলো।

‘কাঙ্ক্ষিত খবর আপনার কাছে’ শীর্ষক প্রথম আলোর এই সংবাদপ্রযুক্তি প্রকল্প মূলত সারা দেশের বিভিন্ন অঞ্চলের পাঠকদের কাছে তাঁদের আগ্রহ ও দরকারি খবর কীভাবে আরও কার্যকরভাবে পৌঁছানো যায়, তা নিয়ে কাজ করবে।

সংবাদপ্রযুক্তি প্রকল্পটি সম্পর্কে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোতে আমরা সব সময়ই স্থানীয় সংবাদ বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করছি। স্থানীয় সংবাদ নিজ নিজ অঞ্চলের জন্য সবচেয়ে দরকারি ও কাজের। পাঠকদের দরকারি ও প্রয়োজনীয় খবর, তথ্য, বিশ্লেষণ, মতামত পৌঁছে দেওয়ার অংশ হিসেবে আমরা এক দশকের বেশি সময় ধরে ছাপা পত্রিকায় আঞ্চলিক সংস্করণ প্রকাশ করে আসছি। এরই ধারাবাহিকতায় অনলাইনেও স্থানীয় সংবাদ পরিবেশনে আমাদের আলাদা উদ্যোগ আছে। প্রথম আলো অনলাইনে বিভাগ, জেলা এমনকি উপজেলাভিত্তিক খবর আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। তবে পাঠকের অবস্থান ও পছন্দ অনুযায়ী সেই খবরকে আরও ভালোভাবে পৌঁছে দিতেই আমাদের এই প্রকল্প। গুগল নিউজ ইনিশিয়েটিভের সহায়তায় এই প্রকল্প নতুন মাত্রা পেল।’

গুগলকে ধন্যবাদ জানিয়ে মতিউর রহমান বলেন, ‘আমার বিশ্বাস, এ ধরনের সংবাদপ্রযুক্তির উদ্যোগই সংবাদমাধ্যমকে আগামীর পথ দেখাবে।’

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকালে জিএনআইর ওয়েবসাইটে নির্বাচিত প্রকল্পগুলোর নাম প্রকাশ করা হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়, ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য-আফ্রিকা—এই পাঁচ অঞ্চলে জিএনআইর ইনোভেশন চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশের ১৯টি প্রকল্প এ বছর জিএনআইয়ের ইনোভেশন চ্যালেঞ্জে নির্বাচিত হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশসহ মোট ৩৭টি দেশ অন্তর্ভুক্ত। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ভারতের ছয়টি সংবাদমাধ্যম নির্বাচিত হয়েছে। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের দুটি সংবাদমাধ্যম নির্বাচিত হয়েছে। বাংলাদেশ, জাপান, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরের একটি করে সংবাদমাধ্যম নির্বাচিত হয়েছে।

প্রথম আলো ২০২০ সাল থেকে জিএনআইর সদস্য হিসেবে নানা বিষয়ে গুগলের সহায়তা পেয়ে আসছে।

২০২০ সালে সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ওয়ান-ইফরা আয়োজিত সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রথম আলোর দুটি ডিজিটাল প্রকল্প। এই পুরস্কার আয়োজনের সহযোগী ছিল গুগল।