নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, পরিবর্তন হচ্ছে এক থানার নাম
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামুখী করতে নতুন দুটি থানা, দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার।
একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে।
এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগের প্রস্তাবিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে নতুন এই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উত্থাপন করা হয়।
অন্যদিকে নতুন পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উত্থাপন করে স্থানীয় সরকার বিভাগ।
এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা দেওয়া ক্ষেত্রে নতুন কাঠামো তৈরি হবে।