ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের দাবি মালিকদের
ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের (একাংশ) নেতারা। সরকার দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে পাম্প বন্ধ রাখার ঘোষণা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন তাঁরা।
আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সরকারের এমন সিদ্ধান্তহীনতা এবং একেক সময় একেক বক্তব্য জনগণ বিশ্বাস করতে পারেনি। এতে সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা দিনরাত পাম্পে হুমড়ি খেয়ে পড়ছেন।
সেনা মোতায়েনের পাশাপাশি সংগঠনের নেতারা আরও সাতটি দাবি তুলে ধরেন। এগুলো হলো—সব মোটরসাইকেলে সমান তেল সরবরাহ, ছোট-বড় সব পাম্পকে তেল দেওয়া, দৈনিক সরবরাহের পরিমাণ বাড়ানো, এজেন্সি, পেক পয়েন্ট ও ডিস্ট্রিবিউটরদের তেল সরবরাহ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করা, অবৈধ মজুত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তেলের ডিপোতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, সরকার একদিকে বলছে দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে, অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট বিভাগ রেশনিং করে জ্বালানি সরবরাহ করছে। সরকারের এমন সিদ্ধান্তহীনতা এবং একেক সময় একেক বক্তব্য জনগণ বিশ্বাস করতে পারেনি। এতে সাধারণ মানুষের মধ্যে তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা দিনরাত পাম্পে হুমড়ি খেয়ে পড়ছেন।
নাজমুল হক জানান, এমন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পাম্পমালিকেরা গ্রাহকদের প্রতিপক্ষ হয়ে গেছেন। তাই পাম্পমালিক, কর্মকর্তা, কর্মচারী ও পাম্পের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। না হলে তাঁদের ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে নাজমুল হক বলেন, অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। পাম্পমালিকেরা সরকারের নির্ধারিত রেশনিং মেনে যেভাবে তেল দিচ্ছে, সেভাবেই তেল নিন।
এমন পরিস্থিতিতে সামনে ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, সরকারের এমন রেশনিং চলতে থাকলে সামনে ঈদে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাই সরকারের উচিত দ্রুত বরাদ্দ স্বাভাবিক করে দেওয়া। অন্তত অকটেন ও পেট্রলের বরাদ্দ স্বাভাবিক করে দেওয়া প্রয়োজন।