পা হারানো শিশুর জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
চট্টগ্রামের বাঁশখালীতে বাসচাপায় পা হারানো পাঁচ বছর বয়সী শিশু অগ্ররাজ সিকদারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
শিশুটির পক্ষে তাঁর মায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল দেন। স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, এস আলম বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনকারীপক্ষ জানায়, গত ১৬ ফেব্রুয়ারি বাঁশখালীর নাপোড়া বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পা হারানো সন্তানের জন্য ক্ষতিপূরণ দাবি করে গত ১২ মে সংবাদ সম্মেলন করেন শিশুটির মা জয়ন্তী দে পূর্ণিমা। এস আলম বাস সার্ভিস কর্তৃপক্ষ বরাবর ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশও পাঠানো হয়। কর্তৃপক্ষ জবাব দিলেও তাতে ফল না পেয়ে জরুরি ভিত্তিতে শিশুটির সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত ও পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে রিটটি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তুষার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও প্রতিকার চাকমা।
বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী তুষার রায়। তিনি প্রথম আলোকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি বাঁশখালীর নাপোড়া বাজার এলাকায় স্কুলের গেটে দাঁড়িয়ে ছিল অগ্ররাজ। চট্টগ্রাম অভিমুখী এস আলম পরিবহনের বাসটি তখন একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে শিশুটির পায়ের ওপর তুলে দেয়। এতে তার দুটি পা ক্ষতিগ্রস্ত হয়। শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে তার বাঁ পা পুরো কেটে ফেলতে হয়। ইতিমধ্যে শিশুটির চিকিৎসার জন্য সাত লাখ টাকা খরচ হয়েছে। ডান পা এখনো ঠিক হয়নি। ক্ষতিপূরণের দাবিতে এস আলম পরিবহন কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠানো হলেও তারা শিশুটির চিকিৎসার জন্য কোনো সহায়তা বা ক্ষতিপূরণ দেয়নি। এ অবস্থায় রিটটি করা হলে হাইকোর্ট ওই রুল দেন।