শেষ কবে মুরগি কিনেছেন মনে নেই রিকশাচালক রহিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরু ও খাসির মাংসের দাম যেন আরও লাগামহীন। ক্রেতা কম থাকায় হতাশ অনেক ব্যবসায়ী। ২৩ মার্চ, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে
ছবি: প্রথম আলো

পেশায় রিকশাচালক আবদুর রহিম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি চট্টগ্রাম নগরের এ মাথা থেকে ও মাথা রিকশা চালান। দুই ছেলের মধ্যে বড় ছেলে মারা গেছেন। স্ত্রী, ১৭ বছরের ছেলে, বড় ছেলের স্ত্রী, নাতি-নাতনি নিয়ে পরিবারে সদস্যসংখ্যা ৬। পরিবারে আয় করেন তিনি একাই।

আজ বৃহস্পতিবার সকালে পঞ্চাশোর্ধ্ব আবদুর রহিমের সঙ্গে দেখা হলো চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে। বসে বসে আয়-ব্যয়ের হিসাব কষছিলেন তিনি। জিজ্ঞাসা করলাম, রোজার বাজার করেছেন? মলিন মুখে আবদুর রহিমের জবাব, ‘এখনো করি নাই। আজকা রিকশা চালাইয়া কিছু টাকা ইনকাম হইলে রাইতে বাজারে যামু।’

নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে আয়-ব্যয়ের ভারসাম্য মেলাতে হিমশিম খাচ্ছেন আবদুর রহিম। একজনের আয়ে ছয়জনের সংসার কীভাবে সামলাবেন, তা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন। শেষ কবে মুরগি কিনেছেন, সেটাও ঠিকঠাক বলতে পারলেন না। বললেন, ‘পাঁচ-ছয় মাস হইব মুরগি কিনি না। তখন কেজি ১৩০ কি ১৪০ টাকা আছিল।’

পাঁচ-ছয় মাস ধরে আবদুর রহিম কেন মুরগি কিনতে পারছেন না, তার উত্তর পেলাম বহদ্দারহাট কাঁচাবাজারে ঢুকে। এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। আবদুর রহিমের মতো স্বল্প আয়ের মানুষের জন্য এই দামে মুরগি কেনা বেশ কঠিন।

‘দাম যেভাবে বেড়েছে, তাতে মাংস খাওয়া বাদ দেওয়া ছাড়া উপায় নেই। পাঙাশ মাছ কিনতে এসেছিলাম। ২০০ টাকার আশপাশে দাম চাইছে। এভাবে দাম বাড়লে মাছ-মাংস খাওয়া ভুলে যেতে হবে।’
—মোহাম্মদ শরীফ, ক্রেতা, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজার।

বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর রোজার প্রথম দিন চট্টগ্রাম নগরের বাজারগুলোয় ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ১৬০ থেকে ১৬৫ টাকায়। এক বছরে দাম বেড়েছে কেজিতে প্রায় ১০০ টাকা।

এ ছাড়া সোনালি, দেশিসহ সব ধরনের মুরগির দামই বাড়তি। আজ বহদ্দারহাট বাজারে সোনালি মুরগি প্রতি কেজি ৩৯০ থেকে ৪২০ টাকায় এবং প্রতি কেজি দেশি মুরগি ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকায়, যা গত রোজার দামের তুলনায় অন্তত ৩০ টাকা বেশি।

গরু ও খাসির মাংসের দাম যেন আরও লাগামহীন। বহদ্দারহাট বাজারে আজ প্রতি কেজি হাড়ছাড়া গরুর মাংস ৮৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর হাড়সহ এক কেজি গরুর মাংসের দাম ৮০০ টাকা। বাজারে খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম শুনে ক্রেতারা কিছুক্ষণ ভাবছেন, কেউ কেউ হিসাব করছেন অন্যান্য বাজারের টাকার জোগান নিয়ে।

রোজা এলে মাংস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হয়। স্বল্প আয়ের মানুষেরা কষ্টে আছেন। দাম নাগালের মধ্যে থাকলে তাঁরা অন্তত স্বস্তিতে রোজার মাস পার করতে পারবেন।
—এস এম নাজির হোসাইন, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি।

মাংসের বাড়তি দামে আবদুর রহিমের মতো স্বল্প আয়ের অনেকেই মাছে স্বস্তি খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেখানেও স্বস্তি নেই। গত রোজার শুরুতে আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হওয়া রুই ও কাতলা এবার প্রতি কেজি ৩০০ টাকা থেকে ৩২০ টাকা ছাড়িয়ে গেছে। গত রোজার শুরুতে প্রতি কেজি পাঙাশের দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা, এবার তা প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ কিনতে এসেছিলেন চট্টগ্রাম নগরের ফরিদাপাড়া এলাকার মোহাম্মদ শরীফ। তবে দাম শুনে শেষ পর্যন্ত আর কেনা হয়নি তাঁর। মাছের বাজার থেকে ফিরেছেন খালি হাতেই। মোহাম্মদ শরীফ বলেন, ‘মাংসের বাজারে ঢুকিনি। দাম যেভাবে বেড়েছে, তাতে মাংস খাওয়া বাদ দেওয়া ছাড়া উপায় নেই। পাঙাশ মাছ কিনতে এসেছিলাম। ২০০ টাকার আশপাশে দাম চাইছে। এভাবে দাম বাড়লে মাছ-মাংস খাওয়া ভুলে যেতে হবে।’

আরও পড়ুন

অন্যান্য পণ্যেরও দাম বাড়তি

চট্টগ্রাম নগরের চকবাজার, কাজির দেউড়ি, কর্ণফুলী কমপ্লেক্স বাজারসহ কয়েকটি বাজারে গতকাল বুধবার রাত ও আজ সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ক্রেতার ভিড় থাকলেও বেচাকেনা তুলনামূলক কম। এর বড় কারণ পণ্যের বাড়তি দাম।
প্রতিবার রোজায় ছোলার চাহিদা থাকে আকাশছোঁয়া। এবার মানভেদে এক কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। এ ছাড়া প্রতি কেজি মোটা দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩৫ থেকে ১৪০ টাকায়।

ছোলা আর ডালের দাম কিছুটা বাড়লেও বাজারে চিনি, আটা ও ভোজ্যতেলের দাম একলাফে অনেকটা বেড়েছে। গত রোজার শুরুতে প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৩৫ টাকায়, এবার তা প্রতি কেজি ৫৫ থেকে ৫৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি প্যাকেটজাত আটার দাম ৪৩ থেকে ৪৫ টাকা ছিল, এবার তা বেড়ে প্রতি কেজি ৬৫ থেকে ৬৮ টাকায় উঠেছে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৭৫ থেকে ১৮৫ টাকায়।

গত রোজার শুরুতে প্রতি কেজি ৮০ টাকার আশপাশে বিক্রি হওয়া চিনি কিনতে এবার গুনতে হচ্ছে ১১২ থেকে ১১৫ টাকা। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়। দেশি রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায়।

একজনের আয়ে ছয়জনের সংসার কীভাবে সামলাবেন, তা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন রিকশাচালক আবদুর রহিম। ২৩ মার্চ, চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচাবাজারের সামনে
ছবি: প্রথম আলো
আরও পড়ুন

তদারকি-শাস্তি প্রয়োজন

চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারের বিক্রেতাদের একটাই কথা, এবারের রোজার শুরুতে বেচাকেনা খুব কম হচ্ছে। গত রোজার শুরুতে যেভাবে বিক্রি করেছেন, এ বছর তা পারছেন না। বাজার করতে এসে অনেকেই অল্প পরিমাণে জিনিস কিনে ফিরে যাচ্ছেন। এই পরিস্থিতি নিয়ে হতাশ বিক্রেতাদের অনেকেই।

ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজির হোসাইন প্রথম আলোকে বলেন, রোজা এলে মাংস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা হয়। স্বল্প আয়ের মানুষেরা কষ্টে আছেন। দাম নাগালের মধ্যে থাকলে তাঁরা অন্তত স্বস্তিতে রোজার মাস পার করতে পারবেন।

বাজারে তদারকির অভাব নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার বড় একটি কারণ, এমনটাই মনে করেন এস এম নাজির হোসাইন। তিনি বলেন, শুধু জরিমানা নয়, আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত কঠোর তদারকি হওয়া উচিত। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে পণ্য বিক্রি করেন, তাঁদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হলে অন্যরাও সতর্ক হবেন।

আরও পড়ুন