অসুস্থতা ও ভিড়ের ভয়ে বাদ পড়া শিশুদের আবার হামের টিকাদান শুরু
হামের প্রাদুর্ভাব শুরুর প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আবার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আজ শনিবার রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী এই বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
কর্মসূচির আওতায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এই শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল।
সরেজমিনে দেখা গেছে, আজ বেলা একটা পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির প্রায় শতাধিক শিশু টিকা নিয়েছে।
টিকা নিতে আসা ১৪ মাস বয়সী শিশু তৈয়বার মা শিউলী বেগম বলেন, আগে তৈয়বার কাশি ও জ্বর থাকায় তাকে টিকা দিতে পারেননি। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাইকিং শুনে আজ শিশুকে নিয়ে টিঅ্যান্ডটি খেলার মাঠে এসেছেন তিনি।
শিউলী বেগম বলেন, ‘আজ দ্বিতীয় ডোজ দিছি। এর আগে আরেক ডোজ দিয়েছিলাম।’
আরেক শিশু প্রিয়ার মা খালেদা বলেন, তাঁর সন্তানও আগে টিকা নিতে পারেনি। প্রিয়া শ্বেতরোগে আক্রান্ত হওয়ায় কড়া রোদ সহ্য করতে পারে না। ভিড়ের মধ্যে গেলে কান্না করে। এ কারণে এত দিন টিকা দেওয়া সম্ভব হয়নি।
খালেদা বলেন, ‘এ কারণে এত দিন টিকা দেওয়াতে পারিনি। আজকে ভিড় কম থাকায় টিকা দিতে পেরেছি।’
বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার উদ্যোগ
সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কয়েক বছর হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় এবার এর খেসারত দিতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সরকার ধাপে ধাপে সারা দেশে টিকাদান কর্মসূচি চালু করেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম দফায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পরে বাদ পড়া আরও ১৪ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়। এরপরও হাম পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে নতুন করে টিকা দেওয়ার কর্মসূচি শুরু করা হয়েছে।
মন্ত্রী বলেন, নতুন এই কর্মসূচির মাধ্যমে আগে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনা হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার ওপর জোর
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার কথাও বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ছাদ, পরিত্যক্ত পাত্র, কমোড ও টায়ারে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এসব লার্ভা ধ্বংস করতে বিশেষ ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রীর দাবি, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু বাড়ার গতি কমেছে।
টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, দ্বিতীয় পর্বে কোনো শিশু যাতে বাদ না যায়, সে জন্য সব শিশুকে টিকার আওতায় আনার চেষ্টা করা হবে।
নতুন করে শুরু হওয়া এই ধাপে আগে বাদ পড়া সব শিশু টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মো. জাহিদ রায়হান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি (অন্তর্বর্তীকালীন) জিলিয়ান মেলসপ, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপপ্রতিনিধি রাজেশ নারওয়ালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।