সাক্ষাৎকার: আমীর খসরু মাহমুদ চৌধুরী

তারা গোলাগুলির মাধ্যমে রাজনীতি করতে চাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

সরকার পতনের এক দফার আন্দোলনে গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল শান্তিপূর্ণ। এই মহাসমাবেশের ১৬ ঘণ্টার মধ্যে আজ শনিবার রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধা ও হামলার মুখে পড়েছে বিএনপি। কোথাও কোথাও পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। দিনভর ঘটে চলা নানা ঘটনা এবং চলমান আন্দোলন নিয়ে আজ রাত আটটায় প্রথম আলো কথা বলেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মোস্তফা।

প্রশ্ন:

প্রথম আলো: আজকের কর্মসূচিতে হামলা-বাধার মুখে পড়েছে বিএনপি। এই পরিস্থিতিতে কী ভাবছেন?

আমীর খসরু মাহমুদ চৌধুরী: সভা-সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। এত দিন যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম আমরা, সেই ধারাতেই রয়েছি। আজকে ঢাকার বিভিন্ন প্রবেশপথে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিতে চেয়েছিলাম। কিন্তু সেখানে তারা (সরকার) পুলিশ দিয়ে আক্রমণ করেছে।

ক্ষমতাসীনেরা আমাদের ওপর হামলা চালিয়েছে। বাস জ্বালিয়ে দেওয়ার যে কথা বলা হচ্ছে, সেটি কে করেছে, এই চিত্র তো সবার সামনে পরিষ্কার। পুলিশের সামনে বাসে আগুন লাগাচ্ছে। তারপর ছবি তুলছে। ভিডিও করছে। এরপর তাদের সামনে দিয়েই চলে যাচ্ছে। পুলিশের সামনে এসব করলেও একটা লোককেও ধরা হলো না। পুলিশের সামনে যারা আগুন দেয়, ভিডিও করে, তারা কে, এটা বুঝতে তো অসুবিধা হয় না। এই কাজগুলো তারা বিগত দিনেও করেছে।

পুলিশ প্রশাসন তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ) রাজনৈতিক নির্ভরশীলতা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে তারা বের হতে পারবে না। জনসমর্থন না থাকলে পুলিশের একটি অংশের ওপর, র‍্যাবের একটি অংশের ওপর, প্রশাসনের একটা অংশের ওপর নির্ভর করতে হয়। আবার এমন কিছু গণমাধ্যম আছে, যারা সরকারের পছন্দমতো খবর প্রচার করে। তাদের (সরকার) নির্ভরশীলতা এসব জায়গায় চলে এসেছে। আগুন-সন্ত্রাস, অস্ত্র-সন্ত্রাস নিজেরা (সরকার) করে অন্যের ওপর দায় চাপায়। বিএনপির এসব করার দরকার নেই। কারণ, বিএনপির ডাকে লাখো মানুষ রাস্তায় নামছে। যাদের প্রয়োজন আছে, তারাই ওই সব (আগুন ও অস্ত্র-সন্ত্রাস) করছে।

প্রশ্ন:

প্রথম আলো: শুক্রবারের মহাসমাবেশে লাখো মানুষের জমায়েত, সে তুলনায় শনিবারের অবস্থান কর্মসূচিতে উপস্থিতি কম কেন?

আমীর খসরু মাহমুদ চৌধুরী: আমাদের বড় একটা কর্মসূচি রাতে (শুক্রবার) শেষ হয়েছে। পরের দিন আরেকটা কর্মসূচি। তিন দিন ধরে অনেকগুলো কর্মসূচিতে নেতা-কর্মীরা ব্যস্ত ছিলেন। এ জন্য কিছুটা কম জমায়েত হতে পারে। এত বড় প্রোগ্রাম (মহাসমাবেশ) করে তো কেবল রাতটাই পেয়েছে। আমরা কর্মসূচি শেষ মুহূর্তে ঘোষণা করেছি। তারপরও আমাদের নির্ভরশীলতা যেহেতু জনগণের ওপর, এর মধ্যেও যতটুকু জমায়েত হয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, এটাও কম নয়। তা–ও আবার এক দিনের নোটিশে। নেতা-কর্মীরা যেভাবে সন্ত্রাস ও পুলিশি হামলা মোকাবিলা করেছেন, এটা কম কিসের। এটা তো কোনো সমাবেশ-সভা ছিল না। এটা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। আমরা তো সংঘর্ষ চাই না।

প্রশ্ন:

প্রথম আলো: বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টার কর্মসূচি ছিল আজ। কিন্তু দুপুরের মধ্যে কর্মসূচি শেষ হয়ে গেল কেন?

আমীর খসরু মাহমুদ চৌধুরী: সন্ত্রাসী কায়দায় ক্ষমতাসীন দলের পক্ষ থেকে এবং পুলিশের দিক থেকে আক্রমণ এসেছে। তারা গুলি করেছে, কাঁদানে গ্যাসের শেল মেরেছে, লাঠিপেটা করেছে। স্থায়ী কমিটির সদস্যকে মাটিয়ে ফেলে পেটানো হয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। একটা শান্তিপূর্ণ কর্মসূচি এগুলোর জন্য প্রস্তুত থাকে না। আমাদের যেহেতু শান্তিপূর্ণ কর্মসূচি, তাই সেই প্রস্তুতি থাকার তো প্রয়োজন মনে করি না। ওদের কর্মসূচি হচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে, দলীয় পুলিশ নিয়ে আক্রমণ করা, মারধর করা, পেটানো, গ্রেপ্তার করা।

প্রশ্ন:

প্রথম আলো: বাধা-হামলার মুখে আন্দোলন কীভাবে এগিয়ে নেবে বিএনপি?

আমীর খসরু মাহমুদ চৌধুরী: আমরা শান্তিপূর্ণভাবেই পরিস্থিতির মোকাবিলা করব। জনতার সামনে কোনোরকমের আক্রমণ, নির্যাতন-নিপীড়ন, গুম-খুন যদি কাজ করত, তাহলে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসত না। তারা যদি সেভাবেই সফল হতো, তাহলে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম হতো না। তারা (ক্ষমতাসীন দল ও সরকার) যেভাবে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সহায়তায় গোলাগুলির মাধ্যমে রাজনীতি করতে চাচ্ছে, সেটা তো আমাদের রাজনীতি না। আমাদের রাজনীতি শান্তিপূর্ণ, আমাদের জনসমর্থন আছে। আমাদের মনোবল আছে। এই মনোবল জনসমর্থন নিয়ে বাংলাদেশ বারবার জয়ী হয়েছে। এবারও জয়ী হবে।