মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম–২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত
বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন দুটি হলো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির দুই ওয়ার্ড)। এ ছাড়া মামলা থাকায় শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) ফল ঘোষণা করা হলেও চূড়ান্ত ফলাফল রায়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে ইসি।
গত বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়। এতে বলা হয়, মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম-৪ আসন নিয়ে চিঠিতে বলা হয়েছে, আপিল বিভাগের আদেশের আলোকে এই আসনের (বিএনপি) প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনের প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পেরেছেন। তবে মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রাম-২ আসনে (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর নির্বাচনী ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।