বাসে মাদক সেবনের দায়ে চুয়েটের ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের বাসে মাদক সেবনের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক এবং বিভিন্ন হলের সহকারী প্রভোস্টরা শিক্ষার্থীদের বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। সে সময় চট্টগ্রামের পুরোনো রেলস্টেশনে ওই শিক্ষার্থীদের বাসে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং আংশিক মাদকদ্রব্য জব্দও করা হয়।

ওই ঘটনা বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৫১তম (জরুরি) সভায় বিস্তারিত আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাঁদের ১৪ ডিসেম্বর ২০২২ থেকে আগামী বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই শিক্ষার্থীদের এসব আচরণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই তাঁদের বিরুদ্ধে আরও কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ৩০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের বাসে কিংবা শিক্ষার্থী হল—সব জায়গায় এ ধরনের মাদকবিরোধী অভিযান চলবে।