উন্নয়ন প্রকল্পে সম্ভাবনা, জনসম্পৃক্ততা ও পিপিপি মডেলে গুরুত্ব দেওয়ার নির্দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৬–২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পগুলোর পর্যালোচনা সভা হয়ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাবনা, ভবিষ্যৎ বিকাশ, স্থানীয় জনগণের সম্পৃক্ততা এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ২০২৬–২৭ অর্থবছরের চলমান এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রকল্প প্রণয়নের সময় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের সম্ভাবনা ও ভবিষ্যৎ বিকাশের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। প্রকল্পগুলোকে পরস্পরের পরিপূরক হতে হবে। পাশাপাশি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনগণের কার্যকর আন্তসম্পর্ক ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁদের আরও সক্রিয় হতে হবে এবং চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি) উপস্থিত ছিলেন। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।