মে মাসে কারা হেফাজতে ১১ জনের মৃত্যু: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)

কারা হেফাজতে গত মাসে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। গত এপ্রিলে এ সংখ্যা ছিল ১৬। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে এমএসএফ।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহীত তথ্য অনুযায়ী মে মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে এ তথ্য জানানো হয়েছে। এমএসএফের তথ্য অনুযায়ী, গত মাসে সাত হাজতি ও চার কয়েদির মৃত্যু হয়েছে।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছয়জন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একজন নারীসহ দুজন, ময়মনসিংহ কারাগারে একজন নারী, সিরাজগঞ্জ কারাগারে একজন ও রাজবাড়ী কারাগারে একজনের মৃত্যু হয়।

এমএসএফের তথ্য অনুযায়ী, গত মাসেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যু, তাদের পরিচয়ে অপহরণ, গায়েবি মামলা, গ্রেপ্তার, রিমান্ডে নির্যাতনের মতো ঘটনা ঘটেই চলেছে। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে।

প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ধর্ষণসহ নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে মতামত প্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হামলা সাংবাদিকতা ও মতপ্রকাশের সংবিধান প্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনা ক্রমাগত ঘটছে।

এমএসএফের তথ্য বলছে, মে মাসে সংখ্যালঘুদের প্রতি সহিংসতা অধিকাংশ ক্ষেত্রে বেড়েছে, সীমান্তে হতাহতের মতো ঘটনা বন্ধ হয়নি; বরং উদ্বেগজনকভাবে বেড়েছে। অপর দিকে গণপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও কমেনি।