পুলিশ স্টাফ কলেজ ও ইউএপির সমঝোতা স্মারক সই
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের (পিএসসি) সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্টাফ কলেজের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকে পুলিশ স্টাফ কলেজের পক্ষে ভাইস রেক্টর মো. রেজাউল হক এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নজরুল ইসলাম স্বাক্ষর করেন।
পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কামরুল আহসান।
মাহবুবা হক তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষাবিদ ও পুলিশ পেশাজীবীদের মধ্যে কাজের সমন্বয়ের জন্য এ ধরনের চুক্তি কাঙ্ক্ষিত ছিল। আগামী দিনে আমাদের কাজের পরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে—এ প্রত্যাশা করছি।’
পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম বলেন, শিক্ষাবিদ ও পেশাজীবীদের মধ্যে শিক্ষা ও গবেষণাসহ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে পুলিশ কর্মকর্তারা উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ লাভ করে জনসেবায় আত্মনিয়োগ করার ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা চুক্তি অনুযায়ী ইউএপি ও পিএসসি যৌথভাবে বিভিন্ন একাডেমিক ও প্রাতিষ্ঠানিক গবেষণা সহযোগিতায় কাজ করবে। এ ছাড়া যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা ও শিক্ষাসফরের আয়োজন করবে। প্রয়োজন অনুযায়ী দুই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামের কাজ করবে চুক্তিটি।