ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য হলেন অধ্যাপক আশিক মোসাদ্দিক

অধ্যাপক আশিক মোসাদ্দিকছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে উপ–উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আশিক মোসাদ্দিক। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসারে চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। সোমবার তিনি এ পদে যোগদান করেন।

অধ্যাপক আশিক মোসাদ্দিক এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৯৩ সালে বি. ফার্ম এবং ১৯৯৪ সালে এম. ফার্ম ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯৮ সালে রাবির ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান দেন।

অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি থেকে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন অধ্যাপক আশিক মোসাদ্দিক। পরে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত তিনি দক্ষিণ কোরিয়ায় পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এর মাঝে ২০১১- ২০১২ সালে ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সৌদি আরবের দাম্মাম বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগে রিসার্চ প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১১ সালে ‘উন্নয়নশীল দেশ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’ থেকে গবেষণায় অবদানের জন্য ‘ইয়াং সায়েন্টিস্ট গোল্ড মেডেল’ অর্জন করেন অধ্যাপক আশিক মোসাদ্দিক। ‘ন্যাচারাল প্রডাক্ট’ ও ‘ন্যানো মেডিসিন’ বিশেষজ্ঞ হিসেবে তাঁর ১৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘এলসিভার সায়েন্স’ ও ‘একাডেমিক প্রেস’ তাঁর তিনটি বই প্রকাশ করেছে।

অধ্যাপক মোসাদ্দিক ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পরপর চারবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এলসিভার সায়েন্সের জরিপ অনুসারে বিশ্বের শীর্ষস্থানীয় ২ শতাংশ বিজ্ঞানীর একজন হিসেবে স্বীকৃতি লাভ করেন। এছাড়াও তিনি বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে ফার্মেসি বিষয়ক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।