৬ দফা দাবিতে দর্শনায় রেলপথ অবরোধ
খুলনা-ঢাকা পথে চলাচলকারী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের রাত্রিকালীন যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধ করেছেন স্থানীয় কিছু লোক। ‘দর্শনার জন্য আমরা’ ব্যানারে আজ বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-খুলনা রেলপথের দর্শনা হল্ট স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধের কারণে খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আগে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুরোধে অবরোধকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি পার হয়।
কর্মসূচি পালনকারীদের দাবি হলো, খুলনা-ঢাকা রেলপথে চলাচলকারী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের দর্শনায় রাত্রিকালীন যাত্রাবিরতি, কলকাতা-ঢাকা পথে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের দর্শনায় যাত্রাবিরতি ও বাংলাদেশি যাত্রীদের ওঠানামার ব্যবস্থা রাখা; দর্শনার আন্তর্জাতিক রেলস্টেশন থেকে রাজশাহী ও ফরিদপুরের ভাঙা রেলস্টেশন পর্যন্ত দুটি যাত্রীবাহী ট্রেন চালু; দর্শনা পুরাতন বাজার ও চুয়াডাঙ্গা-কালিগঞ্জ মহাসড়কে অবস্থিত দুটি রেলগেটে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণ; দর্শনা মাদারপাড়ায় রেলওয়ের নিজস্ব জায়গায় আধুনিক রেলওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণ, দর্শনা থেকে খুলনা পর্যন্ত রেলপথ দুই লাইনে উন্নীতকরণ; দর্শনায় ট্রেনের যাত্রীসেবা বৃদ্ধিতে বেনাপোল এক্সপ্রেসে নতুন করে দুটি শীতাতপনিয়ন্ত্রিত কোচ সংযোজনসহ সাধারণ আসন বৃদ্ধি এবং ট্রেনের টিকিট কালোবাজারি রোধকল্পে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ।
অবরোধ কর্মসূচিতে অংশ নেন দর্শনার স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। খবর পেয়ে দামুড়হুদার ইউএনও রোকসানা মিতা দর্শনা হল্ট স্টেশনে যান এবং আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন। ইউএনও বলেন, ‘আপনাদের যৌক্তিক দাবিগুলো জেলা প্রশাসককে লিখিতভাবে জানান। জেলা প্রশাসক প্রশাসনিক উদ্যোগ নিলে আশা করি শিগগিরই তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে।’ ইউএনওর বক্তব্যের পর আন্দোলনকারীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন।