৮ মাসের মেয়ে কোলে ৪ ঘণ্টা অপেক্ষার পর চাল পেলেন ববিতা
গৃহকর্মী ববিতা বেগমের কোলে আট মাস বয়সী ফাতেমা। কনকনে ঠান্ডায় শিশুকন্যাকে নিয়ে চাল কিনতে বেরিয়েছেন তিনি। চট্টগ্রাম নগরের ব্যাপারীপাড়া এলাকায় ববিতার মতো শতাধিক মানুষ ভোর থেকেই চালের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে আছেন।
কুয়াশার মধ্যে কেউ শাল মুড়িয়ে, কেউ আবার সোয়েটার গায়ে এসেছেন। কারও অপেক্ষা চার ঘণ্টা, কারও আবার পাঁচ ঘণ্টা। খোলাবাজারে ওএমএস ট্রাকের চাল আসার অপেক্ষায় আছেন তাঁরা।
আজ রোববার সকালে ব্যাপারীপাড়া সিটি করপোরেশন মার্কেটের সামনে কথা হয় ববিতার সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে সাতটার কিছু আগে এসেছেন এখানে। তাঁর স্বামী একজন গাড়িচালক।
স্বামীর একার আয়ে সংসার খরচ মেটে না। তাই গৃহকর্মী হিসেবে কাজ করেন তিনি। কিন্তু ঊর্ধ্বগতির বাজারে সংসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। স্বামী সকালে কাজে বেরিয়ে পড়ায় মেয়েকে নিয়ে একাই দাঁড়িয়েছেন লাইনে।
ববিতা বেগমের কয়েকজন পেছনে ছিলেন হোসনে আরা বেগম। ষাটোর্ধ্ব হোসনে আরাও এসেছেন চাল কিনতে। তিন মেয়ে নিয়ে সংসার সামলান তিনি। ঘরে কোনো পুরুষ সদস্য না থাকায় শীতের তীব্রতা সত্ত্বেও সকাল সাতটার দিকে লাইনে দাঁড়িয়েছেন।
সকাল ১০টার কিছু সময় পর আসে প্রত্যাশিত ওএমএস ট্রাক। লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সংখ্যা তখন ২০০ ছাড়িয়ে গেছে। পেছনে বাজারের ব্যাগ হাতে আরও লোকজন ভিড় করেছেন। বরাদ্দের দুই মেট্রিক টন চাল পাবে ৪০০ লোক। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল পাবেন।
প্রায় ৪ ঘণ্টা পর বেলা ১১টার দিকে ৫ কেজি করে চাল পেয়েছেন ববিতা বেগম ও হোসনে আরা বেগম। তখন আবারও কথা হয় তাঁদের সঙ্গে। দুজনেই বলেন, সপ্তাহে প্রতিদিন ওএমএস ট্রাক আসে না। আর যেদিন আসে, সেদিন খুব ভোরেই এসে লাইনে দাঁড়াতে হয়। না হয় চাল জোটে না কপালে।
চট্টগ্রাম মহানগর খাদ্য পরিদর্শক আবুল মনসুর মোহাম্মদ হাবীব প্রথম আলোকে বলেন, প্রতিনিয়ত লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা বাড়ছে। তবে কেউ যাতে খালি হাতে না ফিরে যায়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আগে ১৯টি দোকান ও ১৪টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হতো। তবে এ মাসে দোকান সংখ্যা দুটি বাড়ানো হয়েছে। মহানগরে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ট্রাকের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।