স্কয়ার ফুডের নতুন সিইও পারভেজ সাইফুল ইসলাম
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এসএফবিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. পারভেজ সাইফুল ইসলাম।
সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্সে এ ঘোষণা দেওয়া হয়। কনফারেন্সে এসএফবিএল তাদের ২৫ বছর পূর্তি এবং টানা সপ্তমবারের মতো সেলস টার্গেট অর্জনের সাফল্য উদ্যাপন করেছে।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘পারভেজ সাইফুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে এসএফবিএল দেশের বাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাজারেও সাফল্যের ধারা বজায় রাখবে বলে আমাদের বিশ্বাস।’
এফএমসিজি খাতে পারভেজ সাইফুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি একই প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত ছিলেন। রাঁধুনী, রুচি ও চাষীর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।