চট্টগ্রামে খালের ওপর তৈরি করা ঘরবাড়ি উচ্ছেদ করলেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রামের ত্রিপুরা খালের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল ঘরবাড়ি ও দোকানপাট। এসব স্থাপনার কারণে খালের অস্তিত্বই বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
আজ বুধবার দিনভর অভিযান পরিচালনা করে নগরের ত্রিপুরা খাল অবৈধ দখলমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী। এ সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএ সূত্র জানায়, নগরের বায়েজিদ বোস্তামীর সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকা থেকে অভিযান শুরু হয়। শেষ হয় শান্তিনগর এলাকায় গিয়ে। উচ্ছেদ অভিযানে প্রায় ১২০টি স্থাপনা অপসারণ করা হয়। এগুলোর মধ্যে ছিল আধা পাকা, কাঁচা ও টিনের তৈরি ঘরবাড়ি ও দোকানপাট।
অভিযানে অংশ নেওয়া সিডিএর এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, খালের জায়গা এমনভাবে দখল করা হয়েছিল, সেখানে খালের অস্তিত্ব মুছে গেছে। খালে নির্মাণকাজের জন্য সেগুলো অপসারণ করা হয়েছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য নগরের মুরাদপুর ও বকশিরহাট এলাকায়ও বুধবার অভিযান পরিচালনা করা হয়। সেখানেও অন্তত ৩০টি স্থাপনা অপসারণ করা হয়েছে।
নগরের জলাবদ্ধতা নিরসনে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ নামের একটি প্রকল্প নিয়েছে সিডিএ। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে নগরের ৩৬টি খাল থেকে তিন হাজারের বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।