হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ, সম্পাদক প্রশান্ত
বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে সুরেশ বাঁশফোরকে সভাপতি এবং প্রশান্ত হাঁড়িকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনার কক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পরে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সুরেশ বাঁশফোর সংগঠনের আগামী দিনের লড়াই ও দাবিসমূহ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে প্রায় ১৬ লাখ হরিজন জনগোষ্ঠী বসবাস করলেও তাঁরা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। এই জনগোষ্ঠীর নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এ সময় সংগঠনের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি ওমর সিং হেলা, সাংগঠনিক সম্পাদক প্রান্ত বাঁশফোর এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।
সংগঠনের নেতারা জানান, হরিজন জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।