সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে
১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সরকার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’। ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৩৯টি ‘ডিস্ট্রিবিউশন পয়েন্ট’ বা দোকানে সরকার নির্ধারিত মূল্যে এই এলপিজি পাওয়া যাবে।
আজ রোববার ঢাকার মিরপুর-১৫ নম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। তিনি বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। বাংলাদেশের ১ নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভোক্তা পর্যায়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) এলপি গ্যাস পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দেওয়ায় দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ফ্রেশ এলপি গ্যাস এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি নির্ধারিত পরিবেশক বিক্রয়কেন্দ্রের নাম ঘোষণা করা হয়েছে। এসব বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকেরা বিইআরসি নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যে এলপি গ্যাস ক্রয় করতে পারবেন।
পাওয়া যাবে যেসব জায়গায়
যেসব ডিস্ট্রিবিউশন পয়েন্টে পাওয়া যাবে, সেগুলোর নাম ফ্রেশ এলপি গ্যাসের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এসব ‘ডিস্ট্রিবিউশন পয়েন্টের’ মধ্যে আছে—মগবাজারের দিলু রোডের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার আফতাবনগরের ব্লক এইচের ফাইভ সার্কেল লিমিটেড ও ব্লক ডির আরবি এন্টারপ্রাইজ, ভাটারার পূর্ব নূরেরচালার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের বক্স কালভার্ট রোডের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার পলাশবাগের লিজা এন্টারপ্রাইজ।
তেজগাঁওয়ের কলোনি বাজারের জুয়েল অ্যান্ড ব্রাদার্স ও গ্রিনরোডে তাহমিনা এন্টারপ্রাইজ , খিলগাঁওয়ের নতুনবাগের মোহাম্মদ এন্টারপ্রাইজ, বাড্ডার বড় বেরাইদের মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ, বনানীর কড়াইলের মেহেরিমা করপোরেশন, মেরুল বাড্ডার ডিআইটি রোডের তালুকদার এন্টারপ্রাইজ, মুগদার মান্ডার হারুন এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের ত্রিমোহনীর ন্যাশনাল তোশিবা গ্যাস স্টোভ, জোড়পুকুরপাড় খেলার মাঠের সামনে অবস্থিত মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সবুজবাগের রাজাবাগের ট্রেস গ্যাস ভিশন, শাজাহানপুরের শান্তিবাগের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, চকবাজারের পোস্তার ঢালে অবস্থিত বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, যাত্রাবাড়ীর মীর হাজারীবাগের জে এস এন্টারপ্রাইজ এবং ধলপুর বউবাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজেও পাওয়া যাবে ফ্রেশের এলপিজি।
সরকার নির্ধারিত খুচরা মূল্যে ফ্রেশের এলপিজি পাওয়া যাবে মিরপুর–১ নম্বর বেড়িবাঁধে অবস্থিত ক্ষণকাল এন্টারপ্রাইজ, মিরপুর–১৩ নম্বরের নতুন বাজারে মায়ের দোয়া এলপি গ্যাস, খিলক্ষেতের বটতলার জাহান ট্রেডার্স, দক্ষিণখানের বর্ণমালা স্কুল রোডের আলিফ এন্টারপ্রাইজ, উদয়ন স্কুল রোডের কিশোরগঞ্জ এন্টারপ্রাইজ, জামতলার এস এম তাজ, পল্লবীর বালুঘাটের সজীব খান এন্টারপ্রাইজ, উত্তরা ১৫ নম্বর সেক্টরের রানা এন্টারপ্রাইজ, উত্তরখানের কলাবাগান মোড়ের মা ট্রেডার্স, মোহাম্মদপুরের বছিলার নিউ রানী গ্যাস, রায়েরবাজারের এ বি এন্টারপ্রাইজ, চন্দ্রিমা মডেল টাউনের বারাকাহ এন্টারপ্রাইজ, কামরাঙ্গীরচরের আশরাফাবাদের আল্লাহর দান এন্টারপ্রাইজ এবং হাজারীবাগের আভিন এন্টারপ্রাইজেও।