১০ নভেম্বর দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এসব কনটেন্টের কোনোটিতে মশালমিছিল, কোথাও মহাসড়ক ও রেলপথ অবরোধ, কোথাও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা যায়। আবার কোথাও মৃত্যুর খবর, কোথাও ট্রেনে আগুন ও মোটরসাইকেল মহড়ার ভিডিও প্রচার করা হয়।
তবে যাচাই করে দেখা গেছে, প্রচারিত এসব ছবি ও ভিডিওর অনেকগুলোই পুরোনো। আবার কিছু ছবি ও ভিডিও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভিন্ন ঘটনার। এমনকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে লাখো মানুষ রাজপথে নেমেছেন—এমন দাবি করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওও ছড়িয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া এসব অপতথ্য শনাক্ত করে ২০টি ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার ও ডিসমিসল্যাব। এর মধ্যে রিউমর স্ক্যানার ১১টি এবং ডিসমিসল্যাব ৯টি।
পুরোনো রাজনৈতিক কর্মসূচির ছবি-ভিডিও
ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে ২০২৫ সালের কর্মসূচির ছবি প্রচার করা হয়। মহাসড়ক অবরোধের এসব ছবি ১০ নভেম্বরের কর্মসূচির ছবি বলে দাবি করা হয়। তবে ছবিগুলো ২০২৫ সালের ১৩ নভেম্বর ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির।
একইভাবে ধর্মঘটের সমর্থনে ঢাকায় আওয়ামী লীগের মশালমিছিলের দৃশ্য দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়। প্রকৃতপক্ষে এটি ২০২৫ সালের ১১ নভেম্বর কুমিল্লায় বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সমর্থকদের মশালমিছিলের ভিডিও। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা ওই মিছিল করেন।
এ ছাড়া গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের অবস্থানের দৃশ্য দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ১৩ নভেম্বর ইনকিলাব মঞ্চের বিক্ষোভের। সেদিন গণহত্যার বিচার বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচি শাহবাগ থেকে শুরু হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যায়।
ফরিদপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহাসড়ক অবরোধের দাবিতে ছড়ানো আরেকটি ভিডিও পুরোনো। এটি ২০২৫ সালে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের দৃশ্য।
শ্রমিক আন্দোলন ও বিক্ষোভের ভিডিও
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার একটি ভিডিওকে ধর্মঘটের দিনের ঘটনা বলে প্রচার করা হয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ১ নভেম্বর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় ধারণ করা। ওই দিন শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছিলেন। একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
একইভাবে সাভারের হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘটে পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মুখোমুখি অবস্থানের দৃশ্য বলে প্রচার করা হয়।
ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে গত ২৬ অক্টোবরের আরেকটি মশালমিছিলের ভিডিও প্রচার করা হয়। প্রকৃতপক্ষে ভিডিওটি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে ঢাকায় অনুষ্ঠিত মিছিলের।
ভিন্ন ঘটনার ভিডিও প্রচার
পুরোনো ঘটনার পাশাপাশি ১০ নভেম্বর ঘটে যাওয়া অন্য ঘটনার ভিডিও ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য বলে প্রচার করা হয়। খুলনায় হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সিটি করপোরেশন ভবন ঘেরাও করেন হকাররা। ওই কর্মসূচির ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধের একটি ভিডিও ‘আমাদের ধর্মঘট কর্মসূচি ও হরতাল চলমান’ ক্যাপশনে প্রচার করা হয়। তবে ভিডিওটি ১০ নভেম্বরের নয়। ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্থানীয় বাসিন্দারা রেল ও সড়কপথ অবরোধ করেন। ওই ঘটনার ভিডিওকে ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
পুরোনো অগ্নিকাণ্ড ও সহিংসতার ভিডিও
ছাত্রলীগের ধর্মঘটের সময় চট্টগ্রামের ভাটিয়ারীতে ট্রেনে আগুন লাগার দৃশ্য দাবি করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। প্রকৃতপক্ষে ভিডিওটি গত ২৬ মার্চ সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের।
অন্যদিকে ধর্মঘটের প্রেক্ষাপটে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে হোতা দাবি করে একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৩ সালের ৩০ অক্টোবর প্রকাশিত। প্রতিবেদনটি ছিল ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর কাকরাইলে বাসে আগুন দেওয়ার ঘটনায় নয়নের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে। ফলে পুরোনো ঘটনাকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
এ ছাড়া ১০ নভেম্বরের ধর্মঘটের সময় চট্টগ্রামের চকবাজার থানার সামনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ২০২৫ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের চকবাজারে আগুন লাগার ঘটনার। সে সময় বৈদ্যুতিক তারের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ছাত্রলীগের মহড়ার ভিডিও দাবি
ছাত্রলীগের মোটরসাইকেল মহড়ার একটি ভিডিও ১০ নভেম্বর প্রকাশ করে একটি সংবাদমাধ্যম। ভিডিওতে রাজধানীর আর্মি গলফ ক্লাবের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মহড়া ও ককটেল নিক্ষেপের দৃশ্য দেখানো হয়। তবে ভিডিওটি প্রকাশের সময় ঘটনার তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ৫ নভেম্বরের। অর্থাৎ ধর্মঘটের পাঁচ দিন আগের ঘটনা। তারিখ উল্লেখ না করায় অনেক ব্যবহারকারী ভিডিওটিকে ১০ নভেম্বরের ঘটনা মনে করেছেন।
পুরোনো ভিডিও ও এআই কনটেন্ট
ছাত্রলীগের ধর্মঘটের দৃশ্য দাবি করে মিরপুরের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়। একটি ভিডিওতে মেট্রোস্টেশনের নিচ দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে দেখা যায়। অন্যটিতে মেট্রোস্টেশনের নিচে আগুন জ্বলতে দেখা যায়। দুটি ভিডিওই ২ নভেম্বর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়। তবে ভিডিওগুলোর মূল ঘটনার প্রেক্ষাপট নিশ্চিত করা যায়নি।
অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে লাখো মানুষ রাজপথে নেমেছেন—এমন দাবি করে ফেসবুকে একটি ভিডিও ছড়ায়। যাচাই করে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
আওয়ামী লীগ কর্মী দাবিতে পুরোনো ছবি
‘কোটালীপাড়ায় পুলিশের গুলিতে আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছেন’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে মৃত্যুর দাবি করা হয়েছে। তবে ছবিটি যাচাই করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। নিহত আওয়ামী লীগ কর্মীর ছবি দাবি করে প্রচারিত ছবিটি ২০২৫ সালের ২২ ডিসেম্বর খুলনায় গুলিবিদ্ধ শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারের।