স্বাধীনতার পর বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ছিল জাতীয় উন্নয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সীমিত কৃষি উৎপাদন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে তখন খাদ্যের জোগান নিশ্চিত করাই ছিল প্রধান উদ্বেগ। সেই বাস্তবতা অনেকটাই বদলেছে। ধান, মাছ, সবজি, আলু, ডিম ও পোলট্রি উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশে বোরো ধানের উৎপাদন প্রায় ৩ কোটি ১৯ লাখ টন হতে পারে। তবু এফএওর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে।
এই দুই চিত্র পরস্পরবিরোধী নয়; বরং বাংলাদেশের খাদ্যনিরাপত্তার বদলে যাওয়া বাস্তবতাই তুলে ধরে। গত পাঁচ দশকে খাদ্য উৎপাদন বেড়েছে, কিন্তু সবার জন্য পর্যাপ্ত, সাশ্রয়ী ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়নি। এখন চ্যালেঞ্জ হলো খাদ্যের জোগান, মানুষের ক্রয়ক্ষমতা ও পুষ্টির চাহিদার মধ্যে সমন্বয় ঘটানো এবং জলবায়ু ও বৈশ্বিক বাজারের ধাক্কা সামলেও সরবরাহ সচল রাখা।
অর্জন: দাঁড়িয়ে থাকার ভিত্তি
স্বাধীনতার সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি; এখন তা ১৮ কোটির বেশি। এই সময়ে মাথাপিছু কৃষিজমি কমেছে, অথচ খাদ্য উৎপাদন বেড়েছে। উচ্চ ফলনশীল জাতের বিস্তার, সেচের সম্প্রসারণ, কৃষি গবেষণা, সার-বীজের উন্নত ব্যবস্থাপনা এবং কৃষকের পরিশ্রম ও উদ্যোগ এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধানের পাশাপাশি মাছ, সবজি, আলু, ফল, ডিম ও পোলট্রি উৎপাদনেও দেশ এগিয়েছে।
তবে উৎপাদনের সাফল্যই খাদ্যনিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা নয়। বাজারে খাবার থাকলেও সবার তা কেনার সামর্থ্য না–ও থাকতে পারে। আবার পেট ভরানোর মতো খাবার মিললেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত না–ও হতে পারে। তাই খাদ্যনিরাপত্তা বুঝতে উৎপাদনের পাশাপাশি খাবার কেনার সামর্থ্য, খাদ্যের পুষ্টিমান এবং সংকটের সময় সরবরাহ বজায় রাখার সক্ষমতাও বিবেচনায় নিতে হবে।
এই দুই চিত্র পরস্পরবিরোধী নয়; বরং বাংলাদেশের খাদ্যনিরাপত্তার বদলে যাওয়া বাস্তবতাই তুলে ধরে। গত পাঁচ দশকে খাদ্য উৎপাদন বেড়েছে, কিন্তু সবার জন্য পর্যাপ্ত, সাশ্রয়ী ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়নি।
ক্রয়ক্ষমতা ও পুষ্টিসংকট
খাদ্যনিরাপত্তার বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মানুষের ক্রয়ক্ষমতা। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বহু পরিবারকে আয়ের বড় অংশ খাবার কিনতে ব্যয় করতে হচ্ছে। খাদ্যের দাম বাড়লেও সবার আয় একই হারে বাড়ে না। ফলে অনেক পরিবার খাবারের বৈচিত্র্য কমায়, তুলনামূলক সস্তা খাবারের ওপর নির্ভর করে, এমনকি খাবার কেনার জন্য শিক্ষা ও চিকিৎসার মতো প্রয়োজনীয় খরচও কমিয়ে দেয়।
পিপিআরসির সাম্প্রতিক গবেষণাতেও পরিবারের ব্যয়ে খাদ্যের বড় চাপের চিত্র উঠে এসেছে। শহরের শ্রমজীবী, নিম্নমধ্যবিত্ত ও অনানুষ্ঠানিক খাতের কর্মীরা বিশেষ ঝুঁকিতে আছেন; গ্রামীণ পরিবার কিছু খাবার নিজেরা উৎপাদন করতে পারলেও তারা প্রায় সম্পূর্ণ বাজারনির্ভর। তাই শহরে খাদ্যনিরাপত্তা সরাসরি আয় ও কর্মসংস্থানের প্রশ্ন।
এফএওর সাম্প্রতিক মূল্যায়নে সংকটের ব্যাপ্তি স্পষ্ট। সংস্থাটির হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে; মূল্যস্ফীতিজনিত ক্রয়ক্ষমতা হ্রাস ও জ্বালানি ব্যয় বৃদ্ধি এর প্রধান কারণ।
অনেক পরিবার খাবারের বৈচিত্র্য কমায়, তুলনামূলক সস্তা খাবারের ওপর নির্ভর করে, এমনকি খাবার কেনার জন্য শিক্ষা ও চিকিৎসার মতো প্রয়োজনীয় খরচও কমিয়ে দেয়।
খাদ্যের জোগানের পাশাপাশি পুষ্টির ঘাটতিও বড় উদ্বেগ। চাল তুলনামূলকভাবে সহজলভ্য হলেও মাছ, ডাল, ডিম, দুধ, শাকসবজি ও ফল নিয়মিত কেনা অনেক পরিবারের জন্য কঠিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ খর্বকায় এবং ১২ দশমিক ৯ শতাংশ কৃশকায়। ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মাত্র ২৯ দশমিক ৫ শতাংশ ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পায়।
খাদ্যনিরাপত্তা শুধু ক্যালরি গ্রহণের বিষয় নয়, জনস্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নেরও প্রশ্ন। শিশুর জীবনের প্রথম এক হাজার দিনে পুষ্টির ঘাটতি তার শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তাই গর্ভবতী নারী, শিশু ও নিম্ন আয়ের পরিবারের জন্য পুষ্টিকর খাবার সাশ্রয়ী করা জরুরি।
জলবায়ু ও বিশ্ববাজার
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের খাদ্যব্যবস্থা ক্রমেই বেশি ঝুঁকির মুখে পড়ছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টি ও তাপপ্রবাহ কৃষি উৎপাদন এবং গ্রামীণ জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে। ২০২৬ সালের বন্যা ও জলাবদ্ধতায় প্রায় ৮০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১৩ লাখ মানুষের জীবিকা প্রভাবিত হয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে এল নিনোর ঝুঁকি। বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এল নিনো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ; এটি শক্তিশালী ঘটনায় পরিণতও হতে পারে। বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে মৌসুমি বৃষ্টিপাত কমে যাওয়া, দীর্ঘ তাপপ্রবাহ, মাটির আর্দ্রতা হ্রাস ও সেচের চাহিদা বৃদ্ধি। এশিয়ার প্রধান ধান উৎপাদক দেশগুলোতে খরা বা অতিরিক্ত তাপের প্রভাব পড়লে আন্তর্জাতিক বাজারে চালের দামও বাড়তে পারে। ফলে বাংলাদেশকে একই সঙ্গে দেশের ভেতরের উৎপাদনঝুঁকি ও আমদানি ব্যয় বৃদ্ধির চাপ সামলাতে হতে পারে।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা আন্তর্জাতিক বাজারের সঙ্গেও গভীরভাবে যুক্ত। গম, ভোজ্যতেল, ডাল, চিনি ও সারের চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ আমদানির মাধ্যমে মেটাতে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে খাদ্যশস্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২৫৮ কোটি ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি। শুধু গম আমদানিতেই ব্যয় বেড়ে প্রায় ২০৫ কোটি ডলারে পৌঁছেছে, বেড়েছে ২৬ শতাংশ। অন্যদিকে বিশ্বব্যাংকের হিসাবে, দেশের সারের চাহিদার ৮৫ শতাংশের বেশি আমদানি করে মেটাতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি, সার ও খাদ্যপণ্যের দাম বাড়লে বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ে, বাড়ে কৃষির উৎপাদন খরচ, আর শেষ পর্যন্ত তার প্রভাব পড়ে ভোক্তার খাবারের ব্যয়ে।
কোভিড-১৯ অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতার অভিজ্ঞতায় দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বা সরবরাহ ব্যাহত হলে তার প্রভাব দেশের খাদ্য ব্যয় ও কৃষি উৎপাদন খরচে পড়ে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ও সেচের খরচও বাড়ে, যা শেষ পর্যন্ত ভোক্তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে।
পাঁচ অগ্রাধিকার
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা জোরদার করতে উৎপাদন থেকে ভোক্তার খাবারের থালা পর্যন্ত পুরো ব্যবস্থাকে একসঙ্গে দেখতে হবে। দরকার দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানির উৎসে বৈচিত্র্য, সময়মতো আমদানি পরিকল্পনা এবং প্রয়োজনীয় খাদ্যশস্যের কার্যকর মজুত। তবে সব পণ্য দেশেই উৎপাদন করা সব ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কার্যকর নয়। কোথায় দেশীয় উৎপাদন বাড়ানো যাবে আর কোথায় আমদানি তুলনামূলক সাশ্রয়ী, তা নির্ধারণ করতে হবে উৎপাদনশীলতা, সম্পদের সীমাবদ্ধতা ও ঝুঁকি বিবেচনা করে। এ ক্ষেত্রে পাঁচটি অগ্রাধিকার বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
প্রথমত, মানুষের ক্রয়ক্ষমতা রক্ষা করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রকৃত মজুরি রক্ষা এবং লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা জোরদার করা জরুরি। খাদ্যসহায়তা শুধু চালে সীমাবদ্ধ না রেখে প্রয়োজনে ডাল, ডিম ও অন্যান্য পুষ্টিকর খাবারও অন্তর্ভুক্ত করা যায়। নগদ সহায়তাও কার্যকর হতে পারে, তবে তা নির্ভর করে স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ ও সহনীয় দামের ওপর।
দ্বিতীয়ত, কৃষিকে আরও পুষ্টিকেন্দ্রিক করতে হবে। ধানের পাশাপাশি ডাল, তেলবীজ, ফল, শাকসবজি, মাছ, দুধ ও প্রাণিজ আমিষ উৎপাদনে গুরুত্ব দিতে হবে। শর্ষে, তিল ও সূর্যমুখীর মতো তেলবীজের উৎপাদন বাড়ানোর সুযোগ কাজে লাগাতে হবে। তবে ফসল নির্বাচন করতে হবে স্থানীয় পরিবেশ, উৎপাদন খরচ ও কৃষকের লাভের সম্ভাবনা বিবেচনা করে।
ধান, মাছ, সবজি, আলু, ডিম, পোলট্রিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অর্জন দেশের খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। এখন সেই অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে মানুষ সাশ্রয়ী দামে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পায়।
তৃতীয়ত, জলবায়ু-সহনশীল কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। লবণাক্ততা, খরা ও জলাবদ্ধতা-সহিষ্ণু জাত, পানিসাশ্রয়ী সেচ, উন্নত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি গবেষণার প্রসার জরুরি। পাশাপাশি দুর্যোগের আগাম সতর্কতা, ক্ষতিগ্রস্ত কৃষকের দ্রুত সহায়তা এবং উপযোগী কৃষিবিমার ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
চতুর্থত, ফসল তোলার পর অপচয় কমাতে হবে। সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় ২ কোটি ১০ লাখ টন খাদ্য ফসল তোলার পর নষ্ট হয়। ধানে ক্ষতির হার ১৭ দশমিক ৮ শতাংশ; ফলমূল ও শাকসবজির ক্ষেত্রে তা ১৭ থেকে ৩২ শতাংশ পর্যন্ত। সংরক্ষণাগার, শীতল পরিবহন, প্যাকেজিং, সংগ্রহকেন্দ্র ও প্রক্রিয়াজাতকরণের ঘাটতি এ ক্ষতির অন্যতম কারণ। এসব অবকাঠামো উন্নত হলে কৃষক ভালো দাম পাবেন, সরবরাহের মৌসুমি ওঠানামা কমবে এবং ভোক্তার কাছে পণ্য পৌঁছানো সহজ হবে।
পঞ্চমত, খাদ্যব্যবস্থাপনা আরও সমন্বিত ও তথ্যনির্ভর করতে হবে। উৎপাদন, মজুত, আমদানি, বাজারদর, আবহাওয়া ও পরিবারের ক্রয়ক্ষমতার তথ্য একসঙ্গে বিশ্লেষণ করলে সংকটের আগাম সংকেত শনাক্ত করা সম্ভব। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী নির্বাচন স্বচ্ছ করতে হবে। বাজার তদারকি এবং সরকারি খাদ্যশস্য সংগ্রহব্যবস্থাও আরও কার্যকর করা জরুরি।
শেষ কথা
স্বাধীনতার পর বাংলাদেশ খাদ্য উৎপাদন বাড়িয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যচাহিদা মেটানোর সক্ষমতা অর্জন করেছে। ধান, মাছ, সবজি, আলু, ডিম, পোলট্রিসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই অর্জন দেশের খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ ভিত্তি। এখন সেই অগ্রগতির সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে, যাতে মানুষ সাশ্রয়ী দামে পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার পায়। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা সামলে খাদ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখাও জরুরি।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তার পরবর্তী ধাপ হলো উৎপাদনের এই অর্জনকে আরও এগিয়ে নিয়ে এমন একটি খাদ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে পর্যাপ্ত খাদ্য উৎপাদনের পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতা, পুষ্টির চাহিদা এবং সংকট মোকাবিলার সক্ষমতাও নিশ্চিত হবে। উন্নয়নের সাফল্যের শেষ পরীক্ষা হলো, প্রত্যেক নাগরিক পর্যাপ্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার পাচ্ছে কি না এবং তা মর্যাদার সঙ্গে পাচ্ছে কি না।
গোলাম রসুল: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)