জামিনে মুক্তি পেলেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারীর করা ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছার। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

উচ্চ আদালত থেকে গত বুধবার জামিন পান নুরুল আবছার। জামিনের নথিপত্র বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে তাঁকে মুক্তি দেওয়া হয়। কারাগার থেকে বের হওয়ার পর মিছিল নিয়ে তাঁকে নগরের কদমতলী এলাকায় নিয়ে যান করদাতা সুরক্ষা পরিষদের নেতা-কর্মীরা।

কদমতলীর বাসার সামনে নুরুল আবছার বলেন, গৃহকর আন্দোলন থামবে না। বরং আরও নতুন উদ্যমে শুরু হবে। সিটি করপোরেশনের মেয়র আপিল শুনানির ফাঁদ পেতে নগরবাসীর ওপর গৃহকরের বোঝা স্থায়ীভাবে চাপাতে তৎপর। এসব আপিল-আপিল খেলা মানুষ ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। স্থাপনার আয়তনের পরিবর্তে ভাড়ার ভিত্তিতে গৃহকর আদায় প্রক্রিয়া কার্যক্রম সিটি করপোরেশনকে বন্ধ করতে হবে। যদি তা না করে, আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে আবার কারাগারে যেতে প্রস্তুত।

গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী। মেয়রের বিরুদ্ধে ‘মানহানিকর’ ও ‘হুমকিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করা হয়। এই মামলায় তিনি প্রথমে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তবে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলে গত ২৮ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।