সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংকের ৩ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক)ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ থাকায় সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের তিন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন ব্যাংকটির মিরপুর শাখার ব্যবস্থাপক ইসলামুল হক, প্রধান কার্যালয়ের খন্দকার নূরে ইমাম, মতিঝিলের কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট অফিসার জান্নাতুল মাওয়া সুইটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক আবদুল মালেক তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে একে অপরের সহযোগিতায় অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। তাঁরা ব্যাংকের নীতিমালা অনুসরণ না করে ১৪ জন ব্যক্তির নামে ২৩৪টি এফডিআর হিসাব খোলেন এবং সেগুলো পরবর্তী সময়ে বন্ধ করে দিয়ে ১৬৫ কোটি ৪৫ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।