আইজিপি বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাহারুল আলমফাইল ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। বাহারুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১–এর এক প্রজ্ঞাপনে আলী হোসেন ফকিরকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২০ নভেম্বর আইজিপি বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তাঁর মেয়াদ ছিল আরও প্রায় ৯ মাস।