মার্কিন রাষ্ট্রদূত মেঘনা গ্রুপের সোনারগাঁও সিডস মিলস পরিদর্শন করলেন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গতকাল মঙ্গলবার পরিদর্শনের সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে মেগান ফ্রান্সিস, এমজিআইয়ের ডিরেক্টর তাহমিনা মোস্তফা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তায়েফ বিন ইউসুফসহ এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ফ্যাক্টরিতে উৎপাদিত উচ্চমানের সয়াবিন মিল, রেপসিড কেক, এক্সট্রুডেড ফুল ফ্যাট (সয়া), সয়াবিন হাল, লিকুইড লেসিথিন, পাউডার লেসিথিন এবং লেসিথিন অয়েল নিজ চোখে দেখেন।
২০১০ সালে ‘মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড’ প্রতিষ্ঠার মাধ্যমে এমজিআই এ শিল্পে প্রবেশ করে। পরবর্তী সময় ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড’ নামে আরেকটি প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠান দুটির প্রতিটির উৎপাদনক্ষমতা দিনে প্রায় ৭ হাজার ৫০০ টন, যা বাংলাদেশে সর্বোচ্চ। বিজ্ঞপ্তি