তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের সফট কপিও আছে: জাহেদ উর রহমান

‘ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ’ শীর্ষক গোলটেবিলে বক্তব্য দিচ্ছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান।   বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) এই গোলটেবিলের আয়োজন করে। আজ বৃহস্পতিবার দুপুরে ডেইলি স্টার ভবনেছবি: প্রথম আলো

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান প্রশ্ন তুলেছেন, এই ঘটনার পর জনমনে প্রবল শঙ্কা তৈরি হয়েছে যে তাহলে কি তাদের হাতে ব্যালট পেপার বা ব্যালটের কোনো সফট কপিও আছে?

আজ বৃহস্পতিবার দুপুরে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই প্রশ্ন তোলেন জাহেদ উর রহমান। ‘ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজক বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)।

জাহেদ উর রহমান বলেন, ‘এটার অর্থ হলো সফট কপিটা কোনো না কোনোভাবে আমরা পেয়ে যাব, যেটাকে পরে আমরা ইজিলি প্রিন্ট করে নিতে পারব। নাহলে ভোট দেওয়ার সিলটা আসলে কেন পাওয়া যাবে? এটা খুবই অ্যালার্মিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

নির্বাচনের আগ মুহূর্তে ভোটের সিল পাওয়ার এই ঘটনা দেশজুড়ে ভোটের ফলাফলকে নির্দিষ্ট দিকে প্রভাবিত করার অংশ কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, ‘মাথায় রাখতে হবে, এটা কি শুধু স্থানীয়ভাবে একজন নেতা করছেন, নাকি এটা কোনো রকমের প্ল্যানের অংশ। নানা রকমের প্ল্যানের কথা আমরা দেখতে পাচ্ছি।’

গত মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জামায়াতে ইসলামীর নেতা সৌরভ হোসেন ওরফে শরীফের নির্দেশে এসব সিল তৈরি করা হয়েছে বলে সোহেল রানা আদালতকে জানিয়েছেন। এ ঘটনায় এসব কথা বলেন জাহেদ উর রহমান।

নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র শক্তিশালী হয় বলে মনে করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন; কারণ, তিনি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও সাধারণ মানুষের মধ্যে এখনো নির্বাচন নিয়ে আস্থার সংকট রয়েছে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘নির্বাচনে তো আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না। পার্টিসিপেট করছে সেই দলগুলো, যারা শেখ হাসিনাকে সেখান থেকে বিদায় করেছে। ভালো নির্বাচন চাই বলে, সংস্কার চাই বলে। সেই দলগুলোর এক্সিস্টেন্সের মধ্যে নাগরিকেরা কিন্তু আশ্বস্ত না যে একটা খুবই ভালো মানের নির্বাচন হবে।’ তিনি মনে করেন, বাংলাদেশে অন্তত চার থেকে পাঁচটি ভালো নির্বাচন করা সম্ভব হলে একটা ভিন্ন বাংলাদেশ দেখা যাবে।

গোলটেবিল বৈঠকের সঞ্চালনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান।

গোলটেবিল বৈঠকে ব্রেইনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ কিছু উদ্বেগের কথা তুলে ধরেন সংস্থাটির পরিচালক সফিকুর রহমান। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গণনায় ধীরগতির শঙ্কা, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ এবং ভুঁইফোড় পর্যবেক্ষক নিয়োগের বিষয়গুলো নির্বাচনকে বিতর্কিত করতে পারে। তিনি এসব বিষয়ে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল তিতুমীর বলেন, এত দিন শঙ্কা ছিল, দেশে নির্বাচন হবে কি না, এখন নতুন শঙ্কা ভোট সুষ্ঠু হবে কি না। তিনি বলেন,  যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারা এখন মরণ কামড় দিতে প্রস্তুতি নিচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যে তাঁদের বিভিন্ন কাজে প্রশ্নবিদ্ধ হয়েছেন।

রাশেদ আল তিতুমীর নির্বাচনের আগে বিভিন্ন সংসদীয় আসনে অতিরিক্ত ভোটার স্থানান্তরের ঘটনা, নির্বাচনের দিন ভোট গণনায় অতিরিক্ত সময় লাগার আশঙ্কা, ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের মতো অভিযোগগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন,  নির্বাচন কমিশনকে এই উদ্বেগগুলো সম্পর্কে আমাদের জানানো দরকার। কমিশন প্রমাণ করবে, নাগরিকদের এসব উদ্বেগের কোনো সত্যিকার বাস্তবতা নেই।

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফিরোজ আহমেদ বলেন, নির্বাচনে কারচুপির জন্য একটি আসনের সব কেন্দ্রে কারচুপি করতে হয় না। নির্দিষ্ট কয়েকটি কেন্দ্রে পরিকল্পিতভাবে কারচুপি করলেই ভোটের ফলাফল পরিবর্তন সম্ভব। বাংলাদেশে যারা এই ষড়যন্ত্রে সঙ্গে যুক্ত, তারা ইতিমধ্যে এই কাজকে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনেক জনপ্রিয় প্রার্থী ভোট দেওয়ার পাশাপাশি জনগণকে ভোট পাহারা দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ফিরোজ আহমেদ বলেন, ‘প্রার্থীদের এই আহ্বান প্রমাণ করে, আমাদের দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কতটা নাজুক। প্রার্থীদের এই আহ্বান মানুষকে উদ্বেগে রাখবে। অনেক মানুষ এই উদ্বেগের কারণে ভোটকেন্দ্র নাও আসতে পারেন।’

নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, নির্বাচনে কারচুপির মধ্যে দৃশ্যমান ও অদৃশ্যমান কারচুপির ঘটনা ঘটে। দৃশ্যমান কারচুপির অনেক কিছু তফসিল ঘোষণার আগেই করা হয়। আর অদৃশ্য কারচুপিগুলো তফসিল ঘোষণার পর বা নির্বাচনের দিনও করা হয়। তিনি নির্বাচন কমিশনকে সব ধরনের কারচুপি ঠেকাতে জোরালো ভূমিকা পালনের পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্নিগ্ধা রেজওয়ানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা পারভীন, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, অনলাইন অ্যাকটিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ, মাবরুরুল হক প্রমুখ।

আরও পড়ুন