যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছেপ্রতীকী ছবি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত দুই দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার এসআরবি-৩–এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মেহেদী ইমরান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল স্ট্যাম্প, ব্যাংক চেক ও প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসআরবি জানায়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা এবং আরেকজনকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্নপত্র ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান চলছে।

গত শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। অভিযোগ তদন্তে শনিবারই পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।