ইলন মাস্কের স্টারলিংককে নজরদারির সুযোগসহ ‘যদি কিন্তু’র শর্ত বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে বুধবার স্টারলিংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ
ছবি: আইসিটি প্রতিমন্ত্রীর ফেসবুক থেকে।

বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের বাংলাদেশের বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে আগ্রহ দেখানোর পর সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন স্টারলিংকের প্রতিনিধিরা। আগেরবার ‘না’ করে দিলেও এবার সরকার তাদের ব্যবসা ও প্রযুক্তি বুঝতে চায়। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকারের (ল’ফুল ইন্টারসেপশন) বা নজরদারির যে নীতি আছে, সে ব্যাপারে শর্ত দেওয়া হয়েছে স্টারলিংককে।

ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক। প্রচলিত ইন্টারনেট সেবা মুঠোফোন টাওয়ার ও সাবমেরিন কেব্‌লনির্ভর হলেও স্টারলিংক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়। এ কারণে পৃথিবীর দুর্গম অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে স্টারলিংকের। দুই বছর আগে থেকেই স্টারলিংক কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিল।

সম্প্রতি সরকারের পক্ষ থেকেও আগ্রহ দেখানো হয়েছে। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সঙ্গে বৈঠক করেন স্টারলিংকের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিডিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাকটিভেশন ম্যানেজার পার্নিল উর্ধারশি। আইসিটি বিভাগের বিভিন্ন সংস্থা ও প্রকল্পপ্রধানেরাও সে বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক নিয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লিখেছেন, ‘দুর্গম অঞ্চলে ও দুর্যোগকবলিত জনগোষ্ঠীকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। আশা করছি, দ্রুতই পাইলট কার্যক্রম শুরু হবে।’

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সঙ্গে স্টারলিংকের দুই প্রতিনিধির বৈঠক হয়েছে। এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, কমিশনাররাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহ্জাহান মাহমুদ প্রথম আলোকে বলেন, অনেক দিন থেকেই তারা আসতে চাচ্ছে। দেড় মাস আগে পরীক্ষামূলকভাবে দেখার জন্য বিটিআরসি থেকে অনুমোদন নেওয়া হয়। গত সপ্তাহে স্টারলিংকের সরঞ্জাম বাংলাদেশে এসেছে।

গত বুধবারের বৈঠক সূত্রে জানা যায়, সরকার এখন স্টারলিংকের প্রযুক্তি সম্পর্কে বুঝতে চায়। যদি কখনো কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হয়, তখন কাজে লাগানোর জন্য যেন বিকল্প হিসেবে ভাবা যায়। তবে কোনো কিছুই সিদ্ধান্ত হয়নি।

স্টারলিংক এলে বিরূপ আবহাওয়ায় কতটা কাজ করবে, ডিভাইসগুলোর চুরি রোধ, সেবার বিনিময়ে ডলারের পেমেন্টের বিষয়গুলো কী হতে পারে—সেসব বিষয় স্যাটেলাইট কোম্পানির বৈঠকে উঠে আসে। পাশাপাশি জননিরাপত্তার কারণে আইনি নজরদারির বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশে ব্যবসা করতে হলে স্টারলিংককে আইনসম্মত নজরদারিতে রাজি হতে হবে। এ বিষয় তাদের স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠক সূত্র জানায়, টেলিযোগাযোগ খাতে সরকারের যেসব অনুমোদিত সংস্থা আছে, তারা যেন বিধিসম্মত প্রবেশাধিকার পায়, সেটার নিশ্চিয়তা চেয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। এ ক্ষেত্রে বলা হয়েছে, জনগণের কাছে কী যাচ্ছে, তাতে যেন সরকার নজর রাখতে পারে।

দেশের প্রযুক্তি খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে ইন্টারনেট সেবার ক্ষেত্রে সংযোগগুলোর গেটওয়েতে সরকারের নজরদারি প্রযুক্তি বসানো থাকে। স্টারলিংকের কাছে সরকার এই নজরদারির জন্যই বিধিসম্মত প্রবেশাধিকার চেয়েছে। সে ক্ষেত্রে স্টারলিংক রাজি হবে কি না, তা ভাবার বিষয়। দেশের আইন, উদ্দেশ্যেসহ অনেক কিছুই তারা বিবেচনায় নেবে।

স্টারলিংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারসহ মন্ত্রণালয়ের অধীন সংস্থার প্রধান ও কর্মকর্তারা। বৃহস্পতিবার তাঁদের এই বৈঠক হয়
ছবি: টেলিযোগাযোগমন্ত্রীর ফেসবুক থেকে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, আইনি নজরদারিতে প্রযুক্তিগত ও নীতিগত বিষয় রয়েছে। প্রযুক্তিগতভাবে অনেক রাষ্ট্রই এখন নিরাপত্তার স্বার্থে এটা করে থাকে এবং প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো সে সুযোগও দেয়। তবে নীতিগত দিক থেকে কোনো রাষ্ট্র যদি তার নাগরিকের ওপর এ সুযোগ বেআইনিভাবে কাজে লাগায় বা শ্রদ্ধাশীল না থাকে, সেখানে কিছু করার থাকে না।

স্টারলিংককে বাংলাদেশে আসতে হলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ও বিটিআরসির মাধ্যমে আসতে হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি প্রথম আলোকে বলেন, স্টারলিংক তাদের প্রযুক্তি সম্পর্কে একটি উপস্থাপনা দেখিয়েছে। এখানে সরকারের অনেক ‘যদি কিন্তু’ রয়েছে। পাশাপাশি যেসব অঞ্চলের জন্য এই সেবা, সেখানকার মানুষের খরচ বহনের সক্ষমতা আছে কি না, সেটাসহ নানা বিষয় জড়িত।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানিরই সক্ষমতা আছে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়ার। স্টারলিংক এলে কী উপকার হবে, এগুলো বুঝতে হবে। বিদেশি প্রতিষ্ঠান হলেই দৌড় দিতে হবে না।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা হওয়ায় স্টারলিংক ব্যবহার করার জন্য অ্যান্টেনার প্রয়োজন হয়, যা অনেকটা ছোট আকারের ডিশের মতো। এই অ্যান্টেনা দিয়ে ভবনের যেকোনো প্রান্তে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যায়।

স্টারলিংকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিটিআরসির কমিশনার মুশফিক মান্নান চৌধুরী প্রথম আলোকে বলেন, স্টারলিংকের সেবা দেশের বিদ্যমান কাঠামোকে কতটা চ্যালেঞ্জ করবে, সেগুলো নিয়ে আলোচনা হয়।

স্টারলিংকের সংযোগ মূলত ইউরোপ ও আমেরিকার দেশগুলোতেই বেশি ব্যবহৃত হচ্ছে। আফ্রিকা ও এশিয়ার কিছু দেশে এ সেবা রয়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে মালয়েশিয়া ও ফিলিপাইনে স্টারলিংকের কার্যক্রম রয়েছে। ভারত ও পাকিস্তানে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদের অপেক্ষায় আছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটানে ২০২৪ সাল থেকে কার্যক্রম শুরু হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা ও তথ্যপ্রযুক্তি–বিশেষজ্ঞ সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, স্টারলিংকের প্রযুক্তি খুবই উন্নত মানের। তাদের ডাউনলোড গতি ১৫০ থেকে ২০০ এমবিপিএস। উচ্চগতির ইন্টারনেট যাঁরা ব্যবহার করতে চান এবং দুর্গম অঞ্চলে ব্যবহারকারীদের জন্য স্টারলিংক একটি বড় সুযোগ।