সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনে আ.লীগ, বাইরে বিএনপিপন্থীদের সমাবেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের বারান্দায় আওয়ামী লীগপন্থী আইনজীবীদের শান্তি সমাবেশ এবং সুপ্রিম কোর্টের বাইরে বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করেছেন। ঢাকার আদালতকক্ষের ভেতরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের মূল ফটকের বাইরে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে দুপুরে শান্তি সমাবেশ করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

এ দিকে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও ফোরামের মহাসচিব কায়সার কামাল অভিযোগ করে বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের অতি উৎসাহী দু–একজন কর্মকর্তা তাঁদের মিছিলে বাধা দেন।

প্রত্যক্ষদর্শী একাধিক আইনজীবী জানান, বেলা সোয়া একটার দিকে সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে মাজার গেট দিয়ে কদম ফোয়ারা হয়ে মূল ফটকের সামনে যান বিএনপিপন্থী আইনজীবীরা। সেখানে সমাবেশ করা নিয়ে পুলিশ ও আইনজীবীদের মধ্যে কথা–কাটাকাটি হয়। কিছু সময় এভাবে তর্ক চলে। একপর্যায়ে সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, ফোরামের ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বক্তব্য দেন। সঞ্চালনা করেন ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম। পরে মিছিল নিয়ে সমিতি ভবনের নিচতলায় অবস্থান নিয়ে কিছু সময় স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা।

অন্যদিকে দুপুরে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে জড়ো হয়ে সমাবেশ শুরু করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। সমাবেশে সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক মো. আব্দুন নূর প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান। তিনি বলেন, আইনাঙ্গনে বিএনপি–জামায়াতপন্থী আইনজীবীদের নৈরাজ্যের প্রতিবাদে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এই শান্তি সমাবেশ চলে।