ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় দেন।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তিনি বলেন, আদালত আসামি মো. জহিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। আসামি বছরখানেক আগে জামিনে গিয়ে পলাতক হয়ে যান। তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি-এর বাসিন্দা।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৯ অক্টোবর নগরের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড় এলাকায় র্যাব-৭-এর সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জহিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১৯ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়। তদন্ত শেষে একই বছরের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২২ সালের ৩০ নভেম্বর আসামি জহিরের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।